Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শান্তি ও সম্প্রীতি অটুট রাখতে থানাভিত্তিক সমন্বয় কমিটি গড়ছে বারাসত জেলা পুলিস

এলাকায় শান্তি রক্ষা এবং উস্কানিমূলক কোনও ঘটনা থেকে আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবার থানায় থানায় তৈরি হচ্ছে ‘সমন্বয় কমিটি

শান্তি ও সম্প্রীতি অটুট রাখতে থানাভিত্তিক সমন্বয় কমিটি গড়ছে বারাসত জেলা পুলিস
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলাকায় শান্তি রক্ষা এবং উস্কানিমূলক কোনও ঘটনা থেকে আইনশৃঙ্খলার অবনতি রুখতে এবার থানায় থানায় তৈরি হচ্ছে ‘সমন্বয় কমিটি’। সেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধির পাশাপাশি থাকবেন সব রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক কর্তা ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। এই কমিটির মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ থাকবে বলে আশাবাদী বারাসত জেলা পুলিসের কর্তারা। ইতিমধ্যে বারাসত পুলিস জেলার দেগঙ্গায় ৬০ জনের কমিটি গঠন হয়েছে। চলতি সপ্তাহে শাসন থানায় এই কমিটি গঠন করা হবে। ধীরে ধীরে বাদবাকি থানাগুলিতেও সমন্বয় কমিটি তৈরি হবে বলে জানিয়েছেন পুলিস জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নিলাঙ্গী। এই কমিটি প্রতি মাসে বৈঠক করবে বলেই খবর।

Advertisement

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর অশোকনগরের এক তরুণী এবং আমডাঙার এক যুবক সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত’ পোস্ট করেন। আর তার জন্য তরুণীকে ‘ধর্ষণের হুমকি’ পেতে হয় বলে অভিযোগ। যুবকের পোস্টকে কেন্দ্র করে আমডাঙা উত্তাল হয়। আক্রান্ত হয় পুলিসও। এলাকায় শান্তিশৃঙ্খলাও বিঘ্নিত হয়। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ঘিরে আর যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতেই  থানাভিত্তিক সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। দেগঙ্গা থানায় ৬০ জনের যে কমিটি তৈরি হয়েছে, সেখানে জনপ্রতিনিধি, রাজনৈতিক লোকজন থেকে শুরু করে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতরাও আছেন। কমিটির যুগ্ম সম্পাদক পদে আছেন দেগঙ্গা থানার আইসি অর্ণব গঙ্গোপাধ্যায় ও বিডিও ফাহিম আলম। সভাপতি হয়েছেন দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইত। দেগঙ্গা ব্লকে কেউ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করলে বা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে কমিটির সদস্যরা সঙ্গে সঙ্গে তার মোকাবিলা করবেন। 
এ প্রসঙ্গে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, ‘মুর্শিদাবাদের ঘটনা ও কাশ্মীরে জঙ্গি হামলার পর কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করছেন। এসবকে কেন্দ্র করে যাতে এলাকার সম্প্রীতি বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।’ চলতি সপ্তাহে শাসন থানায়ও  সমন্বয় কমিটি গঠিত হয়ে যাবে বলে খবর। পুলিস জানিয়েছে, সমন্বয় কমিটিগুলিতে সাধারণত ৩০ থেকে ৪০ জন সদস্য থাকবেন। স্থানীয় বাজার কমিটির সদস্যদেরও কমিটিতে রাখা হবে। অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গী এ প্রসঙ্গে বলেন, ‘বারাসত জেলার সব থানা এলাকাতেই সমন্বয় কমিটি গঠন করা হবে। দেগঙ্গায় ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি থানাগুলিতে ধীরে ধীরে 
করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ