নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী ৬ থেকে ১৪ নভেম্বর বড়মার মন্দির বন্ধ থাকবে। ওই কদিন মন্দিরে পুজো দেওয়া যাবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ২৯ তারিখ বড়মা মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই দিন মন্দিরে বিশেষ পুজো, হোম যজ্ঞ, চণ্ডীপাঠ, গীতা পাঠ হবে। ভক্তরা বড়মাকে দর্শন করতে পারবেন। কিন্তু পুজো দিতে পারবেন না। উল্লেখ্য, কালীপুজোর নিরাপত্তা নিয়ে ওইদিন বড়মা মন্দির কমিটি, পুরসভা, বিধায়ক, মন্ত্রী, সংশ্লিষ্ট দপ্তর গুলির অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন পুলিশ কমিশনার অমিতকুমার সিং নিজে। মন্দির বন্ধ থাকলেও কালীপুজোর দিন অরবিন্দ রোডে কালীপুজো হবে। পুজো নেওয়া শুরু হবে ৭ তারিখ থেকে। ৭ তারিখ থেকে শুরু হবে দণ্ডি। চলবে ৮ তারিখ সন্ধ্যা পর্যন্ত। আট তারিখ রাতে পুজো হবে। তারপর অঞ্জলি এবং ভোগ বিতরণ। চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বড়মার পুজো নিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কয়েক লক্ষ ভক্ত কালীপুজার দিন বড়মাকে দর্শন করতে, অঞ্জলি এবং পুজো দিতে আসেন। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।



