সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের ছাত্রী সোনিয়া হালদারের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল বার অ্যাসোসিয়েশন। অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলমের সদস্যপদ খারিজ করে দিয়েছে তারা। শনিবার বিকেলে কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে দীর্ঘ আলোচনার পর অভিযুক্ত আইনজীবী মানোয়ারের সদস্যপদ খারিজ করে দেওয়ার প্রস্তাবে সিলমোহর পড়ে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পন্ডা বলেন, ‘ছাত্রীর মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সব সদস্য এই ঘটনায় মর্মাহত। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী মানোয়ার আলমের সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করলে তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।’এদিকে, ৭২ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্ত আইনজীবী মানোয়ারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সোর্স কাজে লাগানোর পাশাপাশি পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রসঙ্গত, বুধবার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায় আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বার থেকে ছাত্রী সোনিয়া হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর পরিবার আইনজীবীর বিরুদ্ধে কাকদ্বীপ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন।



