Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের সিজেএমকে একদিনের জন্য বয়কটের সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের

জামিন সংক্রান্ত বিষয়ে মতান্তরের জেরে বর্ধমানের সিজেএমকে একদিনের জন্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বয়কট করা হচ্ছে জেলা জজকেও।

বর্ধমানের সিজেএমকে একদিনের জন্য বয়কটের সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: জামিন সংক্রান্ত বিষয়ে মতান্তরের জেরে বর্ধমানের সিজেএমকে একদিনের জন্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। পাশাপাশি বয়কট করা হচ্ছে জেলা জজকেও। জেলা জজের সঙ্গে আলোচনার জন্য বার অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি দল গড়া হয়েছে। দলটি সোমবার জেলা জজের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে বারের তরফে জানানো হয়েছে। 

Advertisement

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, জামিন সংক্রান্ত বিষয়ে সিজেএম আদালতে কিছু সমস্যা হচ্ছে। আইন বহির্ভূতভাবে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা জজের নজরে আনার জন্য তাঁর কাছে যাওয়া হয়। কিন্তু, তিনি বিষয়টিতে ঢুকতে চাননি। সেকারণে শনিবার সিজেএম ও জেলা জজকে বয়কট করা হবে। বারের একটি প্রতিনিধি দল জেলা জজের সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। তাতে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। 
বার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই জামিন সংক্রান্ত বিষয়ে সিজেএমের সঙ্গে আইনজীবীদের একটা বড় অংশের মতভেদ চলছে। শুক্রবার তা চরম আকার নেয়। সিজেএম আদালতে ক্ষোভে ফেটে পড়েন আ‌ইনজীবীরা। তাঁরা সিজেএমের বেশ কিছু নির্দেশ নিয়ে আপত্তি জানান। পরে বারের একটি প্রতিনিধি দল জেলা জজের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সাড়া না পেয়ে আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানান। তারপরই তড়িঘড়ি সভা ডেকে বার অ্যাসোসিয়েশন বয়কটের সিদ্ধান্ত নেয়। 
তৃণমূল আইনজীবী সেলের সদস্য তথা বারের সহ সম্পাদক মোল্লা মহতাবউদ্দিন বলেন, বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। নোটিস পেয়ে তদন্তকারী অফিসারের কাছে হাজিরার পরও কিছু মামলায় জামিন দেওয়া হচ্ছে না। বেছে বেছে তৃণমূলের অভিযুক্তদের জামিন দেওয়া হচ্ছে না। বিষয়গুলি নিয়ে সিজেএমকে জানানোর পরও অবস্থার পরিবর্তন হয়নি।

সম্পর্কিত সংবাদ