Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া জেলা পুলিসের বিশেষ প্রশিক্ষণ শিবির ‘উদ্দীপন’ শুরু

বাঁকুড়া জেলা পুলিসের বিশেষ প্রশিক্ষণ শিবির ‘উদ্দীপন’ শুরু
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: তালডাংরার সাবড়াকোনে পুলিসের ‘উদ্দীপন’ এর সূচনাতেই এলাকায় চাকরি প্রার্থীদের মধ্যে বিপুল উন্মাদনা দেখা যায়। শনিবার আমডাংরা ফাঁড়ির উদ্যোগে জেলা পুলিসের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘উদ্দীপন’ এর সূচনা হয়। প্রত্যন্ত এলাকায় পুলিস ও সেনাবাহিনীতে চাকরির প্রশিক্ষণের সুযোগ পেয়ে এলাকার বেকার যুবক-যুবতীরা ভীষণ খুশি। তাঁরা প্রত্যেকেই এদিন সূচনাপর্বের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। এদিন উদ্দীপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিস সুপার বৈভব তেওয়ারি। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিস সুপার(অপারেশন) মকসুদ হাসান, খাতড়ার এসডিপিও অভিষেক যাদব প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের দৌড় প্রতিযোগিতায় সফলদের শংসাপত্র দেওয়া হয়। 

Advertisement

পুলিস সুপার বলেন, উদ্দীপন জেলা পুলিসের একটি ধারাবাহিক কর্মসূচি। বেকার যুবক-যুবতীদের বিভিন্ন চাকরির পরীক্ষায় সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন কর্মসূচির রূপায়ণ করা হচ্ছে। এদিন সাবড়াকোনের মতো প্রত্যন্ত এলাকায় তা শুরু হল। এলাকায় যুবক যুবতীরা যাতে সেখানে প্রশিক্ষণ নিয়ে সাফল্য পান, সেটাই লক্ষ্য। তাঁদের দক্ষ প্রশিক্ষকের সাহায্যে বিষয় ভিত্তিক এবং শারিরীক প্রশিক্ষণ দেওয়া হবে। 
আমডাংরা ফাঁড়ির ইনচার্জ শ্রীমন্ত চক্রবর্তী বলেন, পুলিস সুপারের পরামর্শে সাবড়াকোনে ‘উদ্দীপন’ কর্মসূচি চালু হল। ওই উপলক্ষ্যে এদিন পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়। আজ, রবিবার থেকেই সাবড়াকোন হাইস্কুলের একটি ঘরে থিয়োরি এবং স্কুলের মাঠে শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ নেওয়ার জন্য মোট ১৮৬ জন আবেদন করেছেন। তাঁরা ছাড়াও এলাকার আরও কিছু যুবক-যুবতী এদিনের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি সহ পরবর্তী ১০ জনকে শংসাপত্র দেওয়া হয়।
প্রশিক্ষণ নিতে আসা যুবক যুবতীরা বলেন, পুলিস ও সেনাবাহিনীতে চাকরির জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু, প্রত্যন্ত এলাকায় থেকে সেই সুযোগ পাওয়া মুশকিল। পুলিসের পক্ষ থেকে বিনামূল্যে সেই সুযোগ করে দেওয়ায় আমরা ভীষণ খুশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ