Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া স্টেশনে বন্ধ লিফট, চলমান সিঁড়ির কাজও শেষ হয়নি

বাঁকুড়া স্টেশনে বহুদিন ধরে লিফট বন্ধ রয়েছে। অভিযোগ, চলমান সিঁড়ি বা এস্কেলেটর বসানোর কাজও ঢিমেতালে চলছে। ফলে স্টেশনে আসা যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।

বাঁকুড়া স্টেশনে বন্ধ লিফট, চলমান সিঁড়ির কাজও শেষ হয়নি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া স্টেশনে বহুদিন ধরে লিফট বন্ধ রয়েছে। অভিযোগ, চলমান সিঁড়ি বা এস্কেলেটর বসানোর কাজও ঢিমেতালে চলছে। ফলে স্টেশনে আসা যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশনের আমূল সংস্কার হচ্ছে। সেই কাজের জন্যই এখন সমস্যা হচ্ছে। তবে স্টেশন আধুনিকীকরণের পর যাত্রী পরিষেবা আগের তুলনায় উন্নতি হবে। স্টেশন ম্যানেজার অনিরুদ্ধ দে বলেন, পুরনো ফুট ওভারব্রিজের সংস্কার চলছে। তাই লিফট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে তাড়াতাড়ি চলমান সিঁড়ি চালুর চেষ্টা চলছে।
সম্প্রতি সাংসদ অরূপ চক্রবর্তী দেরিতে ট্রেন চলাচল, ঘোষিত রেলপ্রকল্প রূপায়ণে অনীহা ও বাঁকুড়া স্টেশনে নিম্নমানের পরিষেবার অভিযোগ তুলে রেলের অনুষ্ঠান বয়কট করেন। অমৃত ভারত প্রকল্পের আওতায় নবনির্মিত জয়চণ্ডী পাহাড় স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যাননি। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে এই তৃণমূল সাংসদ সরব হয়েছেন।
সাংসদ বলেন, বারবার আবেদন সত্ত্বেও ছাতনা-মুকুটমণিপুর প্রকল্পে রেল কানাকড়িও বরাদ্দ করেনি। বাঁকুড়া-মেজিয়া রেলপ্রকল্পের প্রস্তাব জমা দিয়েও লাভ হয়নি। বাঁকুড়া স্টেশনে এস্কেলেটর চালু হচ্ছে না, লিফট বন্ধ। বিজেপি সরকার ইচ্ছা করে এসব করছে।
বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, ছাতনা-মুকুটমণিপুর প্রকল্পে জমি অধিগ্রহণের উদ্যোগ রাজ্য সরকারকে নিতে হবে। অরূপবাবু সেদিকে নজর দিলে ভালো হয়। সংস্কার চলায় বাঁকুড়া স্টেশনে কিছু সমস্যা হচ্ছে। বিষয়টি যাত্রীদের মানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি।
রেল সূত্রে খবর, ফিডার রোড থেকে বাঁকুড়া স্টেশন চত্বরে ঢুকতে আগে কোনও সমস্যা হতো না। কিন্তু সংস্কার শুরুর পর থেকে যাত্রীদের নানা ঝক্কি সামলাতে হয়। গুডস঩শেডের দিক থেকে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য বিকল্প ফুট ওভারব্রিজ তৈরি হয়েছে। ওই ফুট ওভারব্রিজ সঙ্গেই এস্কেলেটর সংযুক্ত করা হয়েছে। গুডস শেডের দিকে এস্কেলেটর বসানোর কাজ হয়ে গিয়েছে। কিন্তু, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে এখনও ওই কাজ চলছে। পুরনো ফুট ওভারব্রিজের সঙ্গে যুক্ত লিফটের কাছে যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাঁকুড়া শহরের বাসিন্দা বনশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, আমি সম্প্রতি দুই শিশুসন্তানকে নিয়ে সোনামুখী গিয়েছিলাম। ব্যাগপত্র নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছতে ভোগান্তি পোহাতে হয়। লিফট অথবা এস্কেলেটর তাড়াতাড়ি চালু করা প্রয়োজন। তা না হলে বয়স্ক ও মহিলাদের সমস্যার সমাধান হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ