Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথের আগে শহরের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী বাঁকুড়া পুরসভা

রথের আগে শহরের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী বাঁকুড়া পুরসভা
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রথযাত্রার আগে শহরের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছে বাঁকুড়া পুরসভা। শহরের গোবিন্দ প্রসাদ সিংহ রোড সংস্কারে সাড়ে ৪২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ওই রাস্তায় কাজ শুরু হয়ে গিয়েছে। রথের চাকা গর্তে পড়ে যাওয়ার কারণে বিগত বছরগুলিতে সমস্যা হয়েছিল। অনেকে দুর্ঘটনারও কবলে পড়েছিলেন। উৎসবের সময় ফের যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, তারজন্য পুরসভার তরফে রথের আগে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

Advertisement

বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, শহরের রাস্তাগুলির কিছু জায়গা বেহাল হয়ে পড়েছিল। আমরা ধীরে ধীরে তা সংস্কার করছি। আপাতত রথ যায় এমন রাস্তাগুলি সংস্কার করা হচ্ছে। জিপি সিংহ রোড সংস্কারে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করা হচ্ছে। বাকি রাস্তাগুলির পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আমূল সংস্কারের অভাবে বাঁকুড়া শহরের একাধিক রাস্তা বেহাল হয়ে পড়েছে। ঩নিকাশি নালা না থাকার কারণে শহরের বিভিন্ন রাস্তার উপর দিয়ে বৃষ্টির জল বয়ে যায়। নালা না থাকায় বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহারের পর বর্জ্য ও নোংরা জলও রাস্তায় গিয়ে পড়ছে। তার ফলে রাস্তার পিচ ক্ষতিগ্রস্ত হয়। পরে যানবাহনের চাকার চাপে তা উঠে গিয়ে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এছাড়া পানীয় জল ও রান্নার গ্যাস সংযোগের পাইপ লাইন পাতার কারণে শহরে দেদার রাস্তা খনন হচ্ছে। খোঁড়াখুঁড়ির পর ওইসব জায়গা সেভাবে মেরামত করা হচ্ছে না। তার ফলে ওইসব বেহাল রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বর্তমানে বাঁকুড়া শহরের সার্কিট হাউস মোড়, কেন্দুয়াডিহি, ফাঁসিডাঙা, পাঠকপাড়া সহ একাধিক এলাকায় রাস্তাঘাট বেহাল রয়েছে। ওইসব এলাকার রাস্তার আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে। পুরসভার তরফে দ্রুত এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। শহরের পাঠকপাড়া এলাকার প্রবীণ বাসিন্দা অমরনাথ চট্টোপাধ্যায়, সতীঘাট বাইপাসের গৃহবধূ রুমকি কর্মকার বলেন, রথের আগে শহরের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে শুধুমাত্র একটি রাস্তা সংস্কার করে দায় সারলে হবে না। শহরের অন্যান্য বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারেও পুরকর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে। বেহাল রাস্তায় প্রবীণ নাগরিক ও শিশুদের চলাচল করতে অসুবিধা হয়। বাইক, সাইকেল সহ অন্যান্য যানবাহনের যাতায়াত করতেও সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা প্রয়োজন।  
বাঁকুড়া পুরসভার এক আধিকারিক বলেন, বর্তমানে অর্থ বরাদ্দে কিছুটা শ্লথগতি রয়েছে। আমরা বছরের বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের প্রস্তাব উপরমহলে পাঠিয়ে থাকি। রাজ্য থেকে অনুমোদন দিলেই কাজ শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ