পাইপ ফেটে বাঁকুড়া শহর প্রায় নির্জলা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ ফেটে যাওয়ায় শনিবার বাঁকুড়া শহর প্রায় নির্জলা থাকল। এদিন শহরে পিএইচই-র আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করা যায়নি। তার ফলে শহরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকে জলের জন্য হাপিত্যেশ করে অপেক্ষা করলেও লাভ হয়নি। দিনভরই পাইপলাইনে জল আসেনি। বাঁকুড়া সদর মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক প্রলয় মণ্ডল বলেন, শুক্রবার রাতে শহরের সতীঘাট বাইপাস এলাকার একটি লজের সামনে জলের চাপে পিএইচই-র পাইপ ফেটে যায়। সেই কারণে জল সরবরাহ বন্ধ ছিল। এদিন দিনভর আমরা শহরে আর্সেনিকমুক্ত জল সরবরাহ করা যায়নি। এদিন রাতের মধ্যে পাইপ মেরামতের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আজ, রবিবার থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

Advertisement

শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিতা পাল, রেণুকা মহাপাত্র বলেন, অন্যান্য দিন সাধারণত সকাল ৮টার মধ্যে পিএইচই-র দুর্গাপুর প্রকল্পে জল বাড়িতে পৌঁছে যায়। এদিন সকাল থেকে পানীয় জলের জন্য আমরা অপেক্ষা করি। দুপুর ১২টাতেও একফোঁটা জল পাইপলাইনে আসেনি। জল না পেয়ে অনেকেরই সমস্যা হয়। শহরের নলকূপে ওঠা জলে আয়রন ও আর্সেনিকের পরিমাণ বেশি থাকে। সরাসরি ওই জল পান করা যায় না। সকলের বাড়িতে জলশোধক মেশিন নেই। ফলে তাঁরা এদিন জারভরতি জল কিনে খেয়েছেন। কেউ কেউ অবশ্য অন্তত একদিনের জল বালতি বা অন্য পাত্রে মজুত রাখেন। তাঁদের এদিন তেমন অসুবিধা হয়নি। তবে আজ, রবিবার থেকে জল সরবরাহ স্বাভাবিক না হলে সকলকেই সমস্যায় পড়তে হবে। 
উল্লেখ্য, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বড়জোড়া প্রকল্প থেকে বাঁকুড়া শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহ করা হয়। আগে বাঁকুড়াবাসীকে ঘোলা ও আর্সেনিকযুক্ত জল পান করতে হত। বছর দশেক আগে ওই জল প্রকল্পের কাজ শুরু হয়। তৎকালীন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ওই প্রকল্পের উদ্বোধন করেন। তাঁরই উদ্যোগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পাওয়া টাকায় ওই প্রকল্প রূপায়িত হয়। যা বাঁকুড়ার মতো রুখাশুখা জেলার ক্ষেত্রে কার্যত মাইলফলক বলে অনেকেই মনে করেন। এখন তীব্র গরমেও বাঁকুড়াবাসীকে জলের জন্য কষ্ট পেতে হয় না। তবে শহর থেকে প্রকল্প এলাকা অনেকটা দূরে। তারফলে পাইপলাইনে সমস্যার কারণে মাঝেমধ্যেই শহরে জল সরবরাহ বন্ধ থাকে। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের পাশে মাটির নীচে পাইপ পাতা হয়েছে। যানবাহনের চাপ, অন্যান্য কারণে মাটি খোঁড়ার ফলে মাঝেমধ্যেই পাইপ ফেটে যায়। তখন জল সরবরাহে বিঘ্ন ঘটে।