Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের ভর্তুকি পেয়েও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন ছাড়ছে না ব্যাঙ্ক, বৈঠকে ক্ষোভ প্রকাশ মহকুমা শাসকের

রাজ্যের ভর্তুকি পেয়েও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন ছাড়ছে না ব্যাঙ্ক, বৈঠকে ক্ষোভ প্রকাশ মহকুমা শাসকের
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু করেছে রাজ্য। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসনের অনুমোদনের পরও ওই প্রকল্পে লোন ছাড়ছে না ব্যাঙ্কগুলি। এনিয়ে বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। দ্রুত যাতে লোন ছেড়ে দেওয়া হয়, সেব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বলেন তিনি। বৈঠক শেষে মহকুমা শাসক জানিয়েছেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে লোন দেওয়া নিয়ে ব্যাঙ্কগুলির মধ্যে গা ছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। লোনের গ্যারান্টার রাজ্য সরকার। তারপরও দেখা যাচ্ছে, প্রশাসনের অনুমোদনের পরও কোনও ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে ভর্তুকির জন্য রাজ্যের কাছে আবেদন করা হচ্ছে না। কখনও আবার রাজ্যের ভর্তুকির টাকা পেয়ে যাওয়ার পরও ব্যাঙ্কগুলি লোন আটকে রেখে দিচ্ছে। মহকুমা শাসকের দাবি, এক বছর আগে রাজ্য সরকার ভর্তুকির টাকা দিয়ে দিয়েছে। অথচ, সেই লোন এখনও ছাড়া হয়নি, এমন ঘটনাও রয়েছে। প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে রাজ্য সরকার ভর্তুকির টাকা দিয়েছে, জলপাইগুড়ি সদর মহকুমায় এমন ৫২টি ক্ষেত্রে ব্যাঙ্ক লোন ছাড়েনি। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আটকে রাখা সমস্ত লোনের টাকা যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়, এদিনের বৈঠকে সে ব্যাপারে বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে। যদিও এনিয়ে বৈঠকে উপস্থিত ব্যাঙ্কের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন আটকে থাকা নিয়ে গত মার্চে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক। সেসময় দেখা গিয়েছিল, প্রশাসন অনুমোদন করার পরও সদর মহকুমায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ২৪০টি আবেদন দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে বিভিন্ন ব্যাঙ্ক। একইসঙ্গে দেখা যায়, রাজ্য সরকারের তরফে ভর্তুকির টাকা দিয়ে দেওয়ার পরও ৬৫টি আবেদনের ক্ষেত্রে লোন ছাড়েনি ব্যাঙ্ক। তথ্য তুলে ধরে এনিয়ে ব্যাঙ্ক আধিকারিকদের বলা হয়। তার পরিপ্রেক্ষিতে দ্রুত আটকে থাকা লোন ছেড়ে দেওয়া হবে বলে মার্চের বৈঠকে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও এদিনের বৈঠকে দেখা গেল, গত তিনমাসে ভর্তুকি পাওয়ার পরও আটকে রাখা হয়েছে, এমন ৬৫টির মধ্যে মাত্র ১৩টির ক্ষেত্রে লোন ছাড়া হয়েছে। অর্থাৎ, এখনও ৫২টি আবেদন আটকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ