Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁকড়া: মাদক বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার যুবক

প্রকাশ্য রাস্তায় ‘ফেরিওয়ালার’ মতো ঘুরে ঘুরে চলছিল গাঁজা, হেরোইনের কারবার। বাঁকড়ার রাস্তায় পাওয়া যেত তার দেখা। স্থানীয়রা বুঝতে না পারলেও মাদকাসক্তরা তাকে চিনত।

বাঁকড়া: মাদক বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার যুবক
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রকাশ্য রাস্তায় ‘ফেরিওয়ালার’ মতো ঘুরে ঘুরে চলছিল গাঁজা, হেরোইনের কারবার। বাঁকড়ার রাস্তায় পাওয়া যেত তার দেখা। স্থানীয়রা বুঝতে না পারলেও মাদকাসক্তরা তাকে চিনত। শেষ পর্যন্ত ধরা পড়ল ওই যুবক। নাম আব্দুর রহমান। সে বাঁকড়ার জলাধার পাড়ার বাসিন্দা। রবিবার রাতে মাদক বিক্রির সময় একজনের সঙ্গে তুমুল বচসা শুরু হয় ওই যুবকের। চিৎকার শুনে স্থানীয়রা এসে হাতেনাতে যুবককে ধরে ফেলেন। মারধর করে মাদক সহ রহমানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বাঁকড়ার নতুনপাড়ার রাস্তায় দুই যুবকের মধ্যে তুমুল কথা কাটাকাটি চলছিল। গন্ডগোল হাতাহাতির পর্যায়ে গেলে স্থানীয়রা বাধা দিতে ছুটে আসেন। তাঁরা এসে জানতে পারেন, আব্দুর রহমান এলাকায় মাদক সরবরাহ করতে এসেছে। মাদকের দাম নিয়েই আন্দুলের এক ব্যক্তির সঙ্গে বচসা চলছে। এরপরই আব্দুরকে পাকড়াও করেন তাঁরা। লোক জড়ো হতেই মাদক কিনতে আসা ব্যক্তি চম্পট দেয়। অভিযুক্তের জামা-প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ হেরোইনের ছোট ছোট প্যাকেট। স্থানীয়দের কাছে অভিযুক্ত স্বীকার করে, বাইরে থেকে গাঁজা-হেরোইন কিনে এনে সে নাকি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে ক্রেতাদের কাছে সেগুলো সরবরাহ করত। আন্দুলের ওই ব্যক্তিকে এর আগেও সে মাদক দিয়েছে। কিন্তু এদিন দাম নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হতেই বিপত্তি ঘটে। খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক বলেন, ‘অভিযুক্ত নিজেও মাদকাসক্ত। এই ধরনের যুবককে মাঝেমধ্যেই বাঁকড়ায় ঘোরাঘুরি করতে দেখা যায়। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়।’
স্থানীয় বাসিন্দা শেখ আনিসুর রহমান বলেন, ‘আগেও ওই যুবক এলাকায় ঘোরাঘুরি করত। সে গাঁজা বিক্রি করে বলেও অনেকে জানে। ওকে হাতেনাতে ধরার পর হেরোইন উদ্ধার হয়েছে। বাঁকড়ার অনেক জায়গাতেই এমন হচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।’ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মাদকাসক্তদের দৌরাত্ম্য প্রতিদিন বাড়ছে, ফলে চুরি, ছিনতাইয়ের ঘটনাও বেড়ে চলেছে। সন্ধে হলেই মাদকাসক্তদের উপদ্রব শুরু হয় বিভিন্ন এলাকায়। বাঁকড়া বাজার, জাপানি গেট সহ সংলগ্ন বেশ কিছু জায়গায় গাঁজা-হেরোইনের মতো মাদক খোলা দোকানে বিক্রি হচ্ছে। বেআইনি মদও রমরমিয়ে বিক্রি চলছে। পুলিশ দেখেও কিছু দেখে না, বলছেন স্থানীয়রাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ