Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণায় ১৫ মিনিটেই ‘ব্লক’ ব্যাঙ্কের লেনদেন, ওয়েবসাইটে নয়া ফিচার লালবাজারের

আজ ওটিপি জালিয়াতি, তো কাল ডিজিটাল অ্যারেস্ট— সাইবার দুনিয়ায় এখন নিত্য নতুন প্রতারণার ফাঁদ! অজান্তেই রোজ রোজ প্রতারিত হচ্ছেন, সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ।

সাইবার প্রতারণায় ১৫ মিনিটেই ‘ব্লক’ ব্যাঙ্কের লেনদেন, ওয়েবসাইটে নয়া ফিচার লালবাজারের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

স্বার্ণিক দাস, কলকাতা: আজ ওটিপি জালিয়াতি, তো কাল ডিজিটাল অ্যারেস্ট— সাইবার দুনিয়ায় এখন নিত্য নতুন প্রতারণার ফাঁদ! অজান্তেই রোজ রোজ প্রতারিত হচ্ছেন, সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ। প্রত্যেকের মনে উৎকণ্ঠা, খোয়া যাওয়া টাকার কি হবে? অবশেষে সেই উৎকণ্ঠা দূর করতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়া রুখতে নিজেদের ওয়েবসাইটে বিশেষ ফিচার নিয়ে এল লালবাজার। দেশের যে কোনও প্রান্ত থেকেই কলকাতা পুলিসের কাছে অনলাইন অভিযোগ দায়ের করা যাবে। আর তা করামাত্র ১৫ মিনিটের মধ্যে খোয়া যাওয়া টাকার লেনদেন ‘ব্লক’ করে দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রতারকরা সেই অর্থ হাতানোর আগেই।

Advertisement

কলকাতা পুলিসের নিজস্ব ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে সেই বিশেষ ফিচারটি— ‘রিপোর্ট ইওর সাইবার ক্রাইম’। সেখানে ক্লিক করলেই সরাসরি খুলে যাবে সাইবার প্রতারণার কেন্দ্রীয় তথ্যভাণ্ডার। সেখানে উল্লেখ করতে হবে প্রতারিতের নাম, ঠিকানা, থানা, প্রতারণার সময়, খোয়া যাওয়া টাকার পরিমাণ ও ব্যাঙ্কের নাম। নিমেষে অভিযোগপত্র আপলোড হয়ে যাবে তিন জায়গায়। কলকাতা পুলিসের সাইবার বিভাগের তথ্যভাণ্ডার, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আইফোরসি) ও দেশের সমস্ত ব্যাঙ্ক (রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি) কর্তৃপক্ষের কাছে। আর সবটাই স্বয়ংক্রিয় পদ্ধতিতে। অনলাইনে সেই অভিযোগ পাওয়া মাত্রই ‘আইফোরসি’ নির্দেশ পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। নির্দেশ মোতাবেক ‘ব্লক’ করে দেওয়া হবে অনলাইন অভিযোগে উল্লেখ থাকা টাকার লেনদেন।
এপ্রসঙ্গে লালবাজারের এক পদস্থ কর্তা বলেন, ‘সাইবার প্রতারণা রুখতে সচেতনতা একমাত্র উপায়। তবে আপাতত টাকা খোয়া গেলে তা আটকানোই আমাদের অগ্রাধিকার। তাই ‘রিপোর্ট ইওর সাইবার ক্রাইম’ অপশনটি যোগ করা হল সাইটে। আমাদের অনুরোধ, জালিয়াতির খপ্পরে পড়লে ওয়েবসাইট মারফত অভিযোগ করুন। তাতে আপনার টাকা দ্রুত ব্লক করা সম্ভব হবে।’ লালবাজারের সাইবার বিভাগ সূত্রে খবর, সাধারণ মানুষ নিকটবর্তী যে কোনও থানা, ডিভিশনের সাইবার সেল কিংবা লালবাজারের সাইবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতেই পারেন। কিন্তু এই পদ্ধতি অনেক সময়সাপেক্ষ। সেক্ষেত্রে টাকা রোখার জন্য যে ‘গোল্ডেন আওয়ার’, তা পার হয়ে যায়। লিখিত অভিযোগ নথিভুক্ত হলে তা ‘আইফোরসি’ ও নির্দিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানায় পুলিস। এক্ষেত্রে ব্যাঙ্কের কাছে খবর যেতে প্রায় ঘণ্টা তিনেক সময় লেগে যায়। এর মধ্যে প্রতারক টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিলে তা আর ব্লক করা সম্ভবপর নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ