Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মেটাননি ঋণের টাকা, অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিল ব্যাঙ্ক অব বরোদা

মেটাননি ঋণের টাকা, অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিল ব্যাঙ্ক অব বরোদা
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও বিপাকে অনিল আম্বানি। এবার রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) ও সংস্থার ডিরেক্টর অনিলকে ‘ফ্রড’ বা ‘প্রতারক’ বলে ঘোষণা করল ব্যাঙ্ক অব বরোদা। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা ঋণ নিয়েছিল আরকম। কিন্তু সেই টাকা মেটানো হয়নি। ব্যাঙ্ক অব বরোদার তরফে জানানো হয়েছে, অনিল আম্বানি ও তাঁর সংস্থাকে ‘প্রতারক’ তকমা দেওয়ার বিষয়টি রিজার্ভ ব্যাঙ্ক সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়েছে। তবে অনিল কত টাকা ঋণ নিয়েছিলেন, সেই বিষয়ে ব্যাঙ্কটি কিছু জানায়নি। এর আগে জুন মাসে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনিল আম্বানিকে একই তকমা দিয়েছিল। গত ২৪ আগস্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ওই শিল্পপতিকে ‘প্রতারক’ তকমা দেওয়ার পথে হাঁটে। ঋণে জর্জরিত হয়ে আরকম আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। তার ফলে আইন অনুযায়ী আদালতের অধীনে এই সংস্থা ‘কর্পোরেট ইনসলভেন্সি রেজল্যুশন প্রসেস’ বা সিআইআরপি-র মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া চলাকালীন কোনও সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায় না বলে দাবি করেছেন অনিল আম্বানির এক মুখপাত্র।

Advertisement

তাঁর দাবি, অনিল আম্বানি আরকমের এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন না। অন্য কোনও শীর্ষ পদেও নেই তিনি। সংস্থার প্রতিদিনের কার্যকলাপেও তাঁর কোনও ভূমিকা নেই। শুধু ২০১৯ সাল পর্যন্ত নন-এগজিকিউটিভ ডিরেক্টরের পদে ছিলেন অনিল। এতদিন পর শুধুমাত্র অনিল আম্বানিকে টার্গেট করার জন্যই ব্যাঙ্ক এমন পদক্ষেপ করছে। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অনিল অস্বীকার করেছেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে।  কিছুদিন আগেই তাঁকে দীর্ঘ জেরাও করেছিল ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ