নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছরের জানুয়ারি মাসে বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ে ভেঙে দেয় হবু শ্বশুরবাড়ি। অবসাদে আত্মঘাতী হলেন তরুণী। মৃতের নাম সুগতা দে (২৭)। পেশায় একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তপসিয়া থানা এলাকার মহেন্দ্র রায় লেনের বাসিন্দা তিনি। শুক্রবার রাতে নিজের ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেটিতে লেখা রয়েছে, বিয়ে ভেঙে যাওয়ার জেরে অবসাদে ভুগছিলেন তরুণী।



