নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগেই ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। যে কারণে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষয়টি নিয়ে বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য।
অয়ন বলেন, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার ঠিক আগেই ফ্রিজ করা হয়েছে তাঁর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তা ব্যাংকের তরফে জানানো হয়নি বলেও দাবি করেন অয়ন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ না করে কীভাবে অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। পুলিশকে ওই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। দাবি করেন অয়ন।
অভিষেকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না, তা জানতে চান বিচারপতি রাও। জবাবে অয়ন জানান, আদালতের নির্দেশমতো তদন্তে সহযোগিতা করছেন অভিষেক। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। তারপরই, মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিস দিতে বলেন বিচারপতি। এই মামলার শুনানি আগামী বুধবার।