নিজস্ব প্রতিনিধি, বারাসত: শীতের মরশুমে লোকসংস্কৃতি উৎসবের প্রস্তুতি শুরু হল হাবড়ায়। এবার ৭১ বছরে পা দিতে চলেছে বাণীপুর লোক উৎসব। আগামী ৩ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। খুঁটিপুজোর মধ্যে দিয়ে উৎসবের ঢাকে কাঠি পড়ল শুক্রবার। উপস্থিত ছিলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল, কমিটির যুগ্ম সম্পাদক বলরাম ঘোষ, বিপ্লব হালদার সহ অন্যান্যরা। খুঁটিপুজোর অনুষ্ঠানে এসে বিধায়কের বার্তা, এবারের মেলায় কোনো বিভাজন থাকবে না। মেলা হবে সবার! বিধায়কের কথায়, এতদিন তৃণমূল এই মেলাকে নিজেদের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছিল। মেলাটি হয়ে গিয়েছিল ওদের ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু এবার আমরা-ওরা নয়। বাণীপুর লোক উৎসব হবে সবাইকে নিয়েই।
জানা গিয়েছে, দীর্ঘ সাত দশকের ঐতিহ্য বহন করে চলেছে বাণীপুরের এই লোক উৎসব। নামের সঙ্গে সঙ্গতি রেখেই মেলার মূল আকর্ষণ লোকসংস্কৃতি ও বাংলার নিজস্ব ঐতিহ্য। রাজ্যের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক প্রাঙ্গণে তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। কবিতা পাঠ, নাচ, গান, যাত্রা থেকে নাটক— বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে মেলার মঞ্চে। পুরানো দিনের সাংস্কৃতিক ধারাকে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে লোক-ঐতিহ্যের পরিচয় ঘটানোও উৎসবের অন্যতম উদ্দেশ্য। মেলায় থাকবে খাবারের নানা পসরা। মেলা কমিটির যুগ্ম সম্পাদক বলরাম ঘোষ বলেন, এ বার মেলার পরিধি আগের তুলনায় বাড়ানো হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য থাকবে তিনটি প্রধান প্রবেশদ্বার। সংস্কৃতির টানে এবার মানুষের সমাগম বাড়বে।



