Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিদের ভুয়ো আধার? তদন্ত

বাংলাদেশিদের ভুয়ো আধার? তদন্ত
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ভরতপুরে প্রকাশ্যে জাল আধার তৈরির ঘটনায় বাজেয়াপ্ত সামগ্রী পুলিসের দুশ্চিন্তা বাড়িয়েছে। ওই দোকান থেকে পঞ্চায়েত প্রধানের নকল স্ট্যাম্প ও ফাঁকা প্যাড সহ শতাধিক মানুষের পাসপোর্ট সাইজের ছবি মিলেছে। ওই এলাকায় কয়েকটি গ্রামে বাংলাদেশিদের যাতায়াত রয়েছে। ধৃত দুই যুবক বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করে দিয়েছে কি না, তা জানতে পুলিস মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা পুলিস খতিয়ে দেখছে। মঙ্গলবার ধৃত দুই যুবককে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয়দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

সোমবার ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামে কাস্টমার সার্ভিস সেন্টারে ভরতপুর ও কান্দি থানার পুলিস যৌথ অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পুলিস বুঝতে পারে, ওই সেন্টারে বেআইনিভাবে আধার কার্ড তৈরি করা হচ্ছে। এরপরই ওই কাস্টমার সেন্টারের মালিক তথা গোবিন্দপুরের বাসিন্দা ইনামুল শেখ এবং বড়ঞা থানার বধূয়া গ্রামের বাসিন্দা নিয়াত শেখকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, নিয়াত অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড বানাচ্ছিল। ওই দোকানে তল্লাশি চালিয়ে পুলিস দু’টি ল্যাপটপ, একটি স্ক্যানার, একটি ক্যামেরা, একটি ল্যামিনেশন যন্ত্র, দু’টি ফোটো প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার, শতাধিক পাসপোর্ট সাইজ ছবির পাশাপাশি স্থানীয় আলুগ্রাম পঞ্চায়েতে প্রধানের নকল স্ট্যাম্প ও ফাঁকা প্যাড বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে নগদ ২৪৯০০টাকা উদ্ধার করা হয়। এসমস্ত সামগ্রীর মধ্যে উদ্ধার হওয়া শতাধিক পাসপোর্ট সাইজ ছবি ও পঞ্চায়েত প্রধানের প্যাড ও নকল স্ট্যাম্প পুলিসকে চিন্তায় ফেলেছে। ধৃতরা বাংলাদেশিদের জাল আধার কার্ড তৈরি করত কি না, তা পুলিস জানার চেষ্টা করছে। মঙ্গলবার কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার সাংবাদিক বৈঠকে জানান, এই চক্রে আর কারা জড়িত, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হবে। গোপনে বাংলাদেশিদের জাল আধার কার্ড বানানো হতো কি না, সেটাও জানার চেষ্টা চলবে। শতাধিক পাসপোর্ট সাইজ ছবি ও উদ্ধার হওয়া স্ট্যাম্প, প্যাড যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছে। সেইসঙ্গে ধৃতরা জাল পাসপোর্ট তৈরির কাজে যুক্ত কি না, তা দেখা হচ্ছে। ওই এলাকায় কয়েকটি গ্রামে বাংলাদেশিদের যাতায়াত রয়েছে। অভিযোগ, অনেক বাংলাদেশি সেখানে অস্থায়ীভাবে বসবাসও করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ