নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল নেতাদের বাংলাদেশ যোগ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না! এবার চর্চা শুরু হয়েছে কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাসকে নিয়ে। অভিযোগ, তাঁর স্ত্রী শিখা দাস বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভোটার কার্ড হয়ে গিয়েছে এখানে। অথচ শিখাদেবীর বাবা-মায়ের এখনও ভোটার কার্ড হয়নি। তাহলে কীভাবে ওই মহিলার ভোটার কার্ড হল, সেই প্রশ্ন উঠছে। এনিয়ে কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন অনিল মান্না নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘নিশ্চয়ই জালিয়াতি করে এই কার্ড বানানো হয়েছে। বিষয়টি মহকুমা শাসকের নজরে এনেছি।’ স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিপ্লববাবু বলেন, ‘বাড়িতে পুজো নিয়ে ব্যস্ত আছি। দু’-একদিনের মধ্যেই সাংবাদিকদের ডেকে এ বিষয়ে যা বলার বলব।’ শিখাদেবীর মা সন্ধ্যা দাস স্পষ্ট জানান, ১৪-১৫ বছর আগে মেয়ের বিয়ে হয়েছে। তাঁরা বাংলাদেশ থেকে এখানে এসেছেন। অনেকবার আবেদন করলেও এখনও তাঁদের ভোটার কার্ড হয়নি।



