Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল নথি, বাংলাদেশির ৬ বছরের সাজা

জাল নথি, বাংলাদেশির ৬ বছরের সাজা
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোটা টাকার বিনিময়ে একটি চক্র জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি সরবরাহ করত বিভিন্ন জনকে। ওই অসাধু চক্রের মূল ‘ষড়যন্ত্রকারী’ এক বাংলাদেশি যুবককে দোষী সাব্যস্ত করে ছয় বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। তার নাম নাজিবুর রহমান ওরফে পাভেল। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা ওই আদেশ দিয়েছেন। পাশাপাশি বিচারক এদিন একাধিক অপরাধে ওই বাংলাদেশি যুবককে পৃথক পৃথক সাজা দেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজাই একই সঙ্গে চলবে। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন, ‘এই বাংলাদেশি অপরাধী চোরাপথে এদেশে প্রবেশ করেছিল। এরপর এক অপরাধ চক্রের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন ভুয়ো কাগজপত্র দিয়ে সরকারি নথিপত্র মোটা টাকার বিনিময়ে করে দিত।’

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে পুলিসের জালে ধরা পড়ে এই বাংলাদেশি যুবক। তাকে জেরা করে চক্রের সঙ্গে যুক্ত আরও তিনজনকে পাকড়াও করা হয়। ধৃতদের হেফাজত থেকে মেলে প্রচুর ভুয়ো নথিপত্র। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অপরাধীরা মূলত উত্তর ২৪ পরগনা, নদীয়া, মালদহ, মুর্শিদাবাদ সহ সীমান্তবর্তী জেলাতে এই অপরাধ চালাত। শেষ পর্যন্ত রাজ্য পুলিসের এসটিএফের হাতে ধরা পড়ে তারা। কলকাতাতেও চক্রটি শাখা বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। এদিকে, প্রথমে এই মামলার তদন্ত রাজ্য পুলিস করলেও পরবর্তী সময় তদন্তভার গ্রহণ করে এনআইএ। তারা তদন্ত শেষ করে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জশিট দেয়। মামলার শুনানি চলাকালে নাজিবুর দোষ স্বীকার করে বিচারকের কাছে। বিচারক তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এদিন সাজা ঘোষণা করেন। বাকিদের বিরুদ্ধে শুনানি চলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ