নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকায় কোথাও ভারতীয়, কোথাও বাংলাদেশি টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করে সাংকেতিক ভাষায় ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা জেহাদিরা। সেইসঙ্গে এই মোবাইল নেটওয়ার্কের চোরাগোপ্তা ব্যবহার করছে চোরাচালনকারীরাও। শুক্রবার কর্ণজোড়ায় আয়োজিত কোয়াড্রি ল্যাটারাল সিকিউরিটি গ্রিডের মালদহ ডিভিশনের বৈঠকে এব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর যাতে আগাম এধরনের কার্যকলাপ প্রতিরোধে টেলিকম সংস্থাগুলিকে সতর্ক করে, সেই পরামর্শও উঠে আসে এদিনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও পোস্টের উপর নজরদারি, জালনোট, মাদক পাচার, অনুপ্রবেশ, বিএসএফের সঙ্গে সমন্বয় রক্ষার মতো একগুচ্ছ বিষয়ে আলোচনা হয় বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এধরনের উচ্চপর্যায়ের বৈঠক রায়গঞ্জে এই প্রথম হল। বৈঠকে উপস্থিত ছিলেন, মালদহ ডিভিশনের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও জেলাশাসকরা। ছিলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন, মালদহের ডিভিশনাল কমিশনার অশ্বিনী কুমার যাদব সহ নারকোটিক্স, টেলিকম, ব্যাংক ও ভূমি দপ্তরের আধিকারিকরা।
কোয়াড্রি ল্যাটারাল সিকিউরিটি গ্রিডের মালদহ ডিভিশনের এই বৈঠক প্রসঙ্গে পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বিগত কয়েক বছরে মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দেশবিরোধী কার্যকলাপের পর্দাফাঁস হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সীমান্তবর্তী এই চার জেলায় সীমান্ত সুরক্ষা ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে বিএসএফের সমন্বয় রক্ষার বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। সীমান্ত সুরক্ষায় এই জেলাগুলিতে সরকারি দপ্তরগুলি সহ পুলিশের কী ধরনের ভূমিকা থাকা উচিত, তাও আলোচনায় গুরুত্ব সহকারে বুঝিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কোথাও ভারতীয়, কোথাও বাংলাদেশি টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করে সাংকেতিক ভাষায় ষড়যন্ত্র চলে। অনেক সময় গাছের মগডালে উঠেও ভারত-বাংলাদেশের টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এতে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনে সীমান্ত এলাকায় শ্যাডো জোন বাড়ানোর বিষয়টিও যাতে ক্ষেত্র বিশেষে খতিয়ে দেখা হয়, সেটাও এদিনের আলোচনায় উঠে আসে।
বৈঠক সূত্রে আরও জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে সন্দেহভাজন মানুষজনকে গতিবিধি, অপরাধদমন, বিএসএফের পরিকাঠামো বৃদ্ধি ও তাদের সঙ্গে সমন্বয় রক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত সুরক্ষায় আর্থিক সহায়তা সহ সীমান্তবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তি সহ পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ, স্মার্ট ফেন্সিং ও নজরদারি. দুর্গম ও নদী সীমান্তে রেডিও-ভিত্তিক ফেন্স-ব্রিচ ডিটেকশন সিস্টেম, ইনফ্রারেড অ্যালার্ম, ড্রোন, রাডার এবং হাই-টেক ওয়াচটাওয়ার বসানোর কাজ করা হচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া ও জমি হস্তান্তর নিয়েও আলোচনা হয়।



