সংবাদদাতা, কাকদ্বীপ: বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের ভিতর থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ তিনজন। তাঁদের খোঁজে সমুদ্রে তল্লাশি চলছে। এদিকে, গভীর সমুদ্র থেকে অন্য ট্রলারগুলি উপকূলে ফিরতেই বিস্ফোরক দাবি করেছেন মৎস্যজীবীরা। তাঁদের অভিযোগ, একাধিক ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়ার চেষ্টায় ছিল বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনী। এ বিষয়ে এফবি মা মঙ্গলচণ্ডী ট্রলারের মৎস্যজীবী রঞ্জিত দাস বলেন, প্রথমে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আমাদের কাছাকাছি এসেই কোনও কথা না বলে পাথর ও সিমেন্টের বল ছুড়তে থাকে। এরপরই জাহাজটি ট্রলারে ধাক্কা মারে। তাতে সেটির মাঝের অংশ কিছুটা ভেঙে যায়। তবে ডুবে যায়নি। বরাত জোরে রক্ষা পাই আমরা। আশপাশে থাকা আরও কয়েকটি ট্রলারকে টার্গেট করা হয়েছিল। কিন্তু কিছু করতে পারেনি। শেষমেশ জাহাজটি এফবি পারমিতা ১১ ট্রলারের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্ক এখনও কাটেনি মৎস্যজীবীদের মধ্যে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে সংগঠনগুলি জানিয়েছে।



