নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র জাল করার অপরাধে এক বাংলাদেশি যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। তাঁর নাম নাজিবুর রহমান। বুধবার কলকাতার এনআইএ’র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা ওই অপরাধীকে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার আদালত তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ থেকে চোরাপথে এদেশে প্রবেশ করে ওই যুবক। পরে সে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন সরকারি নথিপত্র জাল করে নানা অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ে। নকল করার তালিকায় রয়েছে পাসপোর্ট, আধার কার্ডের মতো নথি। পরে গোপন সূত্রে খবর পেয়ে ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিস। তাঁর হেফাজতে থেকে পাওয়া যায় নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরে ঘটনার তদন্তে নেমে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিস। তাঁদের বিরুদ্ধেও সীমান্তে নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।



