নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, বসিরহাট: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এছাড়া বাংলাদেশি সন্দেহে ঘোলায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার বাদুড়িয়ার লালকুটিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার লালকুটি এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় এক যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের নাম ভবতোষ বিশ্বাস (২৬)। তিনি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাঁঠালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলেন তিনি। অন্যদিকে, সোমবার ঘোলা থানার পুলিশ এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বাবু হাওলাদার ও পাখি বিবি। তাদের বাড়ি খুলনা। বারাকপুর মহকুমা আদালতের বিচারক ধৃত ব্যক্তিকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের স্ত্রীর জেল হেপাজত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রায় চার বছর আগে বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকেছিল। তারা প্রথমে নিমতা থানা এলাকার ভাড়া বাড়িতে থাকত। পরে ঘোলার মুড়াগাছা টালিভাটায় ভাড়া ঘরে থাকতে শুরু করে। রাজমিস্ত্রির হেল্পারের কাজ করত। ধৃতরা এদেশের কোনো নথি তৈরি করেছিল কি না পুলিশ তা খতিয়ে দেখছে।