Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিচয় লুকিয়ে দু’মাস আগে ভারতে, গ্রেপ্তার বাংলাদেশি

ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে এসএসবি’র অভিযানে ফের আটক এক বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে বাংলাদেশি ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় এসএসবি।

পরিচয় লুকিয়ে দু’মাস আগে ভারতে, গ্রেপ্তার বাংলাদেশি
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে এসএসবি’র অভিযানে ফের আটক এক বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে বাংলাদেশি ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মোহিতচন্দ্র রায়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত মাস দু’য়েক আগে ভারতে এসে রাজমিস্ত্রির কাজ জুটিয়ে নিয়েছিল। 

Advertisement

সূত্র মারফত খবর পেয়ে পানিট্যাঙ্কির নতুন বাজার চত্বরে রবিবার অভিযান চালায় এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ন। ওই যুবক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জওয়ানরা তাকে আটক করে। এরপর জেরা করতেই সে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। তার হেফাজত থেকে বাংলাদেশের নাগরিকের পরিচয়পত্র উদ্ধার হয়। খড়িবাড়ি থানার পুলিস ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জেনেছে, মাস দু’য়েক আগে বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে সে ভারতে প্রবেশ করে। এরপর পানিট্যাঙ্কিতে বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করছিল। খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, এসএসবি’র অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট পানিট্যাঙ্কির গৌরসিংজোতে বাংলাদেশি শিক্ষকের বাড়ি থেকে বাংলাদেশের এক তরুণ এসএসবি’র অভিযানে ধরা পড়ে। বাংলাদেশি স্কুল শিক্ষকের বাড়ি দেখভালের জন্য ওই তরুণ অবৈধভাবে ভারতে এসে বসবাস করছিল। বছর তিনেকের মধ্যে সে ভারতীয় একাধিক নথিপত্র তৈরি করে নেয়। উল্লেখ্য, গত দু’মাসে খড়িবাড়ি ও নকশালবাড়িতে এসএসবি’র অভিযানে এনিয়ে ১১ জন বাংলাদেশি ধরা পড়ল। অধিকাংশ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হেফাজত থেকে ভারতীয় নথি উদ্ধার হয়েছে। জাল আধারকার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে বছর খানেক আগে পানিট্যাঙ্কি সংলগ্ন বাতাসি থেকে এক ক্যাফের মালিককে গ্রেপ্তার করেছিল পুলিস।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ