নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার রাতে লিলুয়ার কোনা মোড় থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম ওমর কারিগর। বয়স ৫৩। বাড়ি বাংলাদেশের খুলনার বান্দরিয়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছ’দিন আগে নদীয়ার সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন তিনি। এরপর কোনওভাবে হাওড়ায় চলে এসে কাজের খোঁজ করছিলেন। কয়েকদিন ধরেই কোনা মোড়ের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন তিনি। সোমবার রাতে লিলুয়া থানার পেট্রলিং ভ্যান তাঁকে আটক করে। ওই ব্যক্তির কাছ থেকে এদেশে থাকার কোনও বৈধ নথি পাওয়া যায়নি। পুলিসি জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কাজ খুঁজতেই দালাল মারফত এপারে এসেছিলেন। এজন্য আট হাজার টাকাও দিয়েছিলেন।



