দুবাই: গ্রুপ পর্বে হারের বদলা নিল বাংলাদেশ। এশিয়া কাপে শনিবার শ্রীলঙ্কাকে ৪ উইকেটে বশ মানিয়ে সুপার ফোরে অভিযান শুরু লিটন দাসদের। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কারা তুলেছিলেন ৭ উইকেটে ১৬৮। জবাবে এক বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ (১৬৯-৬)। ২টি চার ও ৪টি ছক্কা সহ ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সাইফ হাসান।
সাম্প্রতিককালে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। শনিবারও তার অন্যথা হল না। রান তাড়া করতে নেমে শেষ ওভারে টাইগার বাহিনীর প্রয়োজন ছিল ৫ রান। আর শানাকার প্রথম ডেলিভারিতেই বাউন্ডারি হাঁকান জাকের। কিন্তু দ্বিতীয় ও চতুর্থ বলে জাকের ও মেহদিকে আউট হলে ম্যাচ নাটকীয় মোড় নেয়। শেষ পর্যন্ত পঞ্চম ডেলিভারিতে নাসুম সিঙ্গল নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন। তবে জয়ের প্রধান নায়ক অবশ্যই সাইফ। তরুণ ওপেনারের দুরন্ত অর্ধশতরানই ভিত গড়ে দিয়েছিল লিটন-ব্রিগেডের। এছাড়া তৌদিহ হৃদয়ও ৫৮ রানের ইনিংস খেলেছেন।
তার আগে দাসুন শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসের সুবাদে ভদ্রস্ত স্কোর তুলেছিল শ্রীলঙ্কা। যদিও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এদিকে, বাবার শেষকৃত্য সেরে দুবাইয়ে ফিরে ম্যাচ খেললেন দুনিথ ওয়েল্লালাগে। তাঁর প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালনও করে উভয় দল।