পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা ও গাজিপুরে রবিবার গুরুত্বপূর্ণ হাইওয়ে সহ একাধিক সড়ক অবরোধ করা হয়। অগ্নিসংযোগ করা হয় পুলিশ বক্সেও। বিক্ষোভকারীদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায় ২৩ হাজার টাকা)  করতে হবে। বিক্ষোভের চাপে সরকার নতুন ওয়েজ বোর্ডের ঘোষণার পাশাপশি শ্রমিকদের কারখানায় ফেরত যাওয়ার আবেদন জানিয়েছে। যদিও সরকারের ওই আরজির পরেও পদ্মাপারের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত। ফলে কারখানার কাজ বন্ধ হয়ে যায়। বিপর্যস্ত যান চলাচলও।

Advertisement

বাংলাদেশে পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি বর্তমানে ১২,৫০০ টাকা। বিক্ষোভকারীদের দাবি, খাবার, পরিবহণ ভাড়া, বাড়ি ভাড়া, স্বাস্থ্যের খচর বহু গুণ বেড়ে গিয়েছে। তাই ওই মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে নথিভুক্ত পোশাক কারখানার সংখ্যা চার হাজার। সেগুলিতে মোট কর্মী সংখ্যা প্রায় ৪০ লক্ষ। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশ বাংলাদেশ। চলতি বিক্ষোভের জেরে ওই কারখানাগুলির উৎপাদন ব্যাহত হয়েছে। এদিন গাজিপুরে ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে অবরোধ করা হয়। লাঠিসোঁটা হাতে বেশ কয়েক জায়গায় হাইওয়ের দখল নেন শ্রমিকরা। একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্মীদের মোতায়েন করা হয়। ঢাকায় মীরপুরের বিভিন্ন অংশে পথ অবরোধ করা হয়। ফলে স্থানীয় মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।