ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুধু তাই নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও একই সাজা হয়েছে। এবার তাঁদের দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ইউনুস সরকার। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, কীভাবে হাসিনা ও আসাদুজ্জামানকে দেশে ফেরানো হবে তার ভাবনাচিন্তা করছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালের আইনজীবী মনোয়ার হোসেন তামিম বলেন, দোষী সাব্যস্ত দু’জনেই পলাতক। তাঁদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড কর্নার নোটিশ জারির জন্য আবেদন করা হবে। তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক। তিনি আরও বলেন, ৩০ দিনের মধ্যে হাসিনা ও আসাদুজ্জামানকে আত্মসমর্পণ করতে হবে।
গত সোমবার হাসিনার রায় ঘোষণার পর আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দেওয়া হবে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, হাসিনার সাজা সম্পর্কে তারা অবগত। ভারত সবসময় বাংলাদেশের মানুষের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। এবার দিল্লির উপর চাপ বাড়াতে ফের ইন্টারপোলের দ্বারস্থ ঢাকা। হাসিনার রায়ের পর উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। দেশজুড়ে ‘কমপ্লিট লকডাউন’-এর ডাক দিয়েছিল আওয়ামি লিগ। বিভিন্ন সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন হাসিনার সমর্থকরা।
বুধবার থেকে পরিস্থিতি পালটাতে শুরু করেছে। স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী ঢাকা, ফরিদপুর, গাজিপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ সহ অন্যান্য শহরের জনজীবন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে প্রশাসন। তবে কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শহরে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনী। এদিকে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বীকৃতি আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। এবার এনসিপির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। গত সোমবার হাসিনার মামলার রায় ঘোষণার দিন ওই প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এর আগে দলের জন্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল এনসিপি। যেহেতু শাপলা জাতীয় প্রতীক হওয়ায় তাদের আবেদন খারিজ হয়ে যায়। এবার নয়া প্রতীক পাওয়ায় আগামী নির্বাচনে ৩০০টি আসনে প্রার্থী দেবে বলে এদিন ঘোষণা
করেছে এনসিপি।