সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশের পাসপোর্ট সহ এক ভারতীয় মহিলাকে গ্রেপ্তার আটক করল বিএসএফ। পেট্রাপোল সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করে পেট্রাপোল থানার পুলিসের হাতে তুলে দেয়। ধৃতের নাম লিপিকা মল্লিক (৩৬)। পুলিস সূত্রে জানা গিয়েছে, লিপিকা বনগাঁ থানার জয়পুরের বাসিন্দা। এদেশ থেকে পণ্য নিয়ে বাংলাদেশে বিক্রি করেন। শুক্রবার বাংলাদেশে যাবার সময় বিএসএফ তাঁকে আটক করে। তাঁর কাছে তল্লাশি করতেই বাংলাদেশের এক নাগরিকের পাসপোর্ট মেলে। বিদেশের পাসপোর্ট রাখার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। তবে কি কারণে ভারতীয় বাসিন্দা বাংলাদেশের পাসপোর্ট নিজের কাছে রেখেছিল। বাংলাদেশি ওই বাসিন্দার সঙ্গে কি সম্পর্ক। কেনই বা সে সেটি নিয়ে বাংলাদেশে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস।



