Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়তি স্টেশনে থামল বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল, চালক ও গার্ডকে মিষ্টিমুখ

শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন চালু হয়েছে গত ৫ সেপ্টেম্বর। তবে সব স্টেশনে থামছিল না সেই ট্রেন। তাঁরা কেন শীতাতপ নিয়ন্ত্রিত লোকালের পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছিলেন সেসব স্টেশনের নিত্যযাত্রীরা।

বাড়তি স্টেশনে থামল বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল, চালক ও গার্ডকে মিষ্টিমুখ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল ট্রেন চালু হয়েছে গত ৫ সেপ্টেম্বর। তবে সব স্টেশনে থামছিল না সেই ট্রেন। তাঁরা কেন শীতাতপ নিয়ন্ত্রিত লোকালের পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছিলেন সেসব স্টেশনের নিত্যযাত্রীরা। রেল বিবেচনার আশ্বাস দিয়েছিল। তারপরই আরও কয়েকটি স্টেশনে স্বল্প সময়ের জন্য এসি লোকাল দাঁড় করানোর সিদ্ধান্ত হয়। সেই মতো সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই এই শাখার একাধিক স্টেশনে থামল এসি লোকাল। এদিন চাঁদপাড়া, মছলন্দপুর, বিড়া, অশোকনগর ও বিরাটি স্টেশনে থামে ট্রেনটি। স্বভাবতই খুশি যাত্রীরা। প্রথম দিন বলে তাঁদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলও এই স্টেশনগুলিতে এসি লোকাল দাঁড় করানোর কৃতিত্ব নিতে নেমে পড়েছে। তবে সেই দাবিকে ছাপিয়ে গিয়েছে প্রথম দিনের উৎসাহ-উদ্দীপনা।

Advertisement

এদিন সকালে বনগাঁ স্টেশন ছাড়ার পর চাঁদপাড়ায় থামতেই বাজনা বাজিয়ে ট্রেনের চালক এবং গার্ডকে সংবর্ধনা দেওয়া হয়। ফুল ও মিষ্টি তুলে দেওয়ার হয় তাঁদের হাতে। নিত্যযাত্রীদের বক্তব্য, চাঁদপাড়া এখন ‘অমৃত ভারত’-এর আওতাভুক্ত স্টেশন। তাই এখানে এসি লোকাল না দাঁড়ানোয় তাঁরা কিছুটা অবাকই হয়েছিলেন। এখানে যাতে ট্রেনটি দাঁড়ায়, তার জন্য রেলকে যৌথভাবে ডেপুটেশন দিয়েছিল সিটু ও আইএনটিটিইউসি। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর হাজরা বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে বাম-ডান দেখা উচিত নয়। এই স্টেশনের উন্নয়নের স্বার্থে আমরা আগেও এক সঙ্গে কাজ করেছি।’ সিটু নেতা কপিল ঘোষ বলেন, ‘চাঁদপাড়া স্টেশনে এসি লোকাল দাঁড়ানোর জন্য আমরা যৌথভাবে রেলের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। আজ নাগরিক সমাজের পক্ষ থেকে চালক ও গার্ডকে সংবর্ধনা দেওয়া হল।’ 
অশোকনগরেও এদিন প্রথম এসি লোকাল থামে। আরামদায়ক ট্রেন সফরের স্বাদ নিতে যাত্রীরা আগে থেকেই ভিড় জমিয়েছিলেন। ট্রেনে উঠবেন না, কিন্তু এসি ট্রেন নিয়ে কৌতূহল চেপে রাখতে পারেননি, এমন অনেকেও হাজির হয়েছিলেন স্টেশনে। এখান থেকে যাত্রীদের সঙ্গেই ট্রেনে উঠতে দেখা যায় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। ট্রেন ঢোকার বেশ কিছুক্ষণ আগেই তিনি কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে স্টেশনে হাজির হন। ট্রেনে উঠে সহযাত্রীদের লাড্ডু বিতরণ করেন। স্টেশনে এসে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বাম শিবিরের নেতাকর্মীদেরও। তবে আর পাঁচটা বনগাঁ লোকালের পরিচিত ভিড়ই দেখা গিয়েছে এসি ট্রেনে। তবে ভাড়া নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। বিধায়ক বলেন, ‘এই স্টেশনে যাতে এসি লোকাল দাঁড়ায়, তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। রেল সেই দাবি মেনে নিয়েছে। এবার আন্দোলন শুরু হবে ভাড়া কমানোর জন্য।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ