সংবাদদাতা, রামপুরহাট: দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মে বদল ঘটাচ্ছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের হয়রানি বন্ধ করতে এবং মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। দর্শনার্থীরা বাইরে থেকেই মা তারাকে দর্শন করবেন এবং গর্ভগৃহের বাইরে রাখা দেবীচরণেই পুজো ও অঞ্জলি নিবেদন করবেন। তারাপীঠে সাধারণ পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রেখে টাকার বিনিময়ে ভিআইপিদের আগে পুজো দেওয়ার সুযোগ করে দেওয়ার নিয়ম দীর্ঘদিন ধরেই বড় সমস্যা। এছাড়া তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পান্ডাদের একাংশের হেনস্তার শিকার হতে হচ্ছে ভক্তদের, এমন অভিযোগও দীর্ঘদিন ধরেই রয়েছে। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ দ্রুত এসবের পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন। কিন্তু তা হয়নি বলে পুণ্যার্থীদের অভিযোগ ছিল। এবার সেই অনিয়ম রুখতে উদ্যোগী হয়েছে মন্দির কমিটি। কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, কৌশিকী তিথিতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এই বিপুল ভিড়ে সংকীর্ণ গর্ভগৃহে হুড়োহুড়ি পড়ে গেলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তাই ভক্তদের সুবিধার্থেই এবার গর্ভগৃহের বাইরে থেকে দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। সভাপতি আরও জানান, এবার পুজো নিয়ে টাকার খেলা বরদাস্ত করা হবে না। অতিরিক্ত টাকা দিয়ে আলাদা লাইন করা যাবে না। শুধুমাত্র সাধারণ লাইন এবং ৫০০ টাকার বিশেষ কুপনের লাইন চালু থাকবে। তবে কুপন বা সাধারণ, কোনো লাইনের ভক্তই গর্ভগৃহে প্রবেশ করে দেবীকে স্পর্শ করতে পারবেন না। ভিআইপি লাইনের ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।



