Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথধামের উদ্বোধনের আগে দীঘায় যত্রতত্র গোরু চড়ানো বন্ধে নিষেধাজ্ঞা

জগন্নাথধামের উদ্বোধনের আগে দীঘায় যত্রতত্র গোরু চড়ানো বন্ধে নিষেধাজ্ঞা
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: আগামী ৩০ এপ্রিল দীঘার জগন্নাথধামের উদ্বোধন। তার আগে সৈকতশহরে যত্রতত্র গোরু চড়ানো বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করল দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। রবিবার ডিএসডিএ’র সহযোগিতায় স্থানীয় পদিমা-১ ও পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দীঘা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে  নিষেধাজ্ঞার কথা জানিয়ে বলা হয়, যাঁরা বাড়িতে গোরু-বাছুর পালন করেন, তাঁরা মাঠে-ঘাটে কিংবা খোলা জায়গায় প্রাণীগুলিকে ছেড়ে দেবেন না। সৈকতশহরের রাস্তাঘাটে গোরু যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা গেলে সরকারি বা প্রশাসনিক ব্যবস্থাপনায় তুলে নিয়ে যাওয়া হবে এবং গোরুর মালিককে জরিমানা করা হবে। এমনকী তুলে নেওয়া গোরু ফেরত নাও পেতে পারেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাই আবেদন করা হচ্ছে, গোরুগুলিকে ছেড়ে দেবেন না।  গোয়ালে রাখুন কিংবা নিজেদের দায়িত্বে রাখুন। উল্লেখ্য, দীঘায় যত্রতত্র গোরু চরে বেড়ানো প্রশাসনের কাছে একপ্রকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও গোরু রাস্তাঘাট দখল করে শুয়ে আছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। কোথাও আবার দোকানে থাকা ফল কিংবা অন্যান্য খাবার খেয়ে নিচ্ছে গোরু। প্লাস্টিক কিংবা পলিথিন খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া মলমূত্র ত্যাগ করে রাস্তাঘাট অপরিষ্কার করছে। এর ফলে গোটা শহর নোংরা হচ্ছে। এর আগেও একাধিকবার সৈকতশহরে যত্রতত্র গোরু ঘুরে বেড়ানো বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। তারপর কিছুদিন বন্ধ থাকে। ফের আবার সেই একই ছবি লক্ষ্য করা যায়। তাই এবার এব্যাপারে কড়া হচ্ছে উন্নয়ন সংস্থা এবং সংশ্লিষ্ট দুই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, সামনেই জগন্নাথধাম উদ্বোধন। তাই আমরা তার আগে গোরু চরে বেড়ানো একেবারে বন্ধ করতে চাইছি। এরপর যাতে শহরে গোরু যেখানে-সেখানে চরে না বেড়ায়, তারজন্য  কঠোর পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ