ছটপুজোর আগে বাঁশের ডালা ভালো বিক্রির আশায় বুদবুদের ব্যবসায়ীরা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: হাতে গোনা আর কয়েকদিন তারপরই ছটপুজো। এই পুজোয় সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া হয় শুধুমাত্র বাঁশের ডালাতে। পানাগড় ও বুদবুদের ডালা ব্যবসায়ীরা জানালেন কালীপুজোর সময় থেকেই ডালা বিক্রি শুরু হয়। তাঁদের আশা গত বছরের থেকে এবার বিক্রি অনেকটাই বাড়বে। পানাগড়ে ও বুদবুদে ডালা ৮০-১০০ টাকার মধ্যে শুরু। তবে এবারে দাম কিছুটা বেশি বলে জানাচ্ছেন ক্রেতারা। বুদবুদের ব্যবসায়ী অর্পন বাদ্যকর বলেন, বছরের অন্যান্য সময় এই ডালা সেভাবে বিক্রি হয় না। ছটপুজোয় ডালার চাহিদা বাড়ে। 

Advertisement

বর্তমানে ব্যবসায়ীরা ঝাড়খণ্ড লাগোয়া বিভিন্ন গ্রাম থেকে ডালা নিয়ে আসছেন। তবে অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয়দের তৈরি ডালা এনে বিক্রি করছেন। বুদবুদের ব্যবসায়ী  মানিক বাদ্যকর বলেন, সারাবছর অন্যান্য ঝুড়ি বিক্রি হয়। তবে এই সময় ডালার বিক্রি বাড়ে। ছটের জন্য ব্যবহৃত ডালার আকার ও মান অনুসারে দামের পরিবর্তন হচ্ছে। এদিন বাজার ঘুরে দেখা গেল ডালা ১১০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে ভালো মানের ডালার দাম প্রায় ২০০ টাকা। ঝুড়ির দাম শুরু ১৪০-১৭০ টাকার মধ্যে। ভালো মানের ঝুড়ির দাম প্রায় ৩০০ টাকা। ক্রেতারা জানাচ্ছেন গতবারের থেকে দাম অনেকটাই বেড়েছে। কেন দাম বেড়েছে? ব্যবসায়ীরা জানাচ্ছেন মূলত দুটি কারনে দাম বেড়েছে। প্রথমতঃ ঝাড়খন্ড বা ওই এলাকা থেকে ডালা আনার পরিবহন খরচ অনেকটাই বেড়েছে। দুর্গাপুর বা স্থানীয় এলাকায় অনেকে ডালা তৈরি করলেও ওই এলাকার ডালা আকারে বড় ও কিছুটা মোটা হয়। অনেকেই তা নিতে চান না। দ্বিতীয়তঃ এবারে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য রোদ না থাকায় ডালার উৎপাদন কম হয়েছে। বৃষ্টিপাত হলে বাঁশ কেটে তা থেকে জিনিস তৈরি করা খুবই সমস্যার হয়।   পানাগড় বাজারে ডালা কিনতে এসেছিলেন সুশীল সাউ। তিনি বলেন, ডালার দাম প্রতি বছর বাড়ছে। ডালা আকারে একটু বড় নিতে হয়। না হলে অসুবিধা হয়। গোটা নারকেল সহ বিভিন্ন ফল দিতে হয় ডালাতে। এক ক্রেতা বলেন, দেবতার অর্ঘ্য যেহেতু প্লাস্টিক ডালায় দেওয়া যায় না। তাই ছট পুজোয় বাঁশের ডালা কিনতে হয়। তাই এই ডালার চাহিদা থাকে। এদিকে ছট পুজো নিয়ে প্রস্তুতি তুঙ্গে। ছটপুজো কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসনও সতর্ক থাকছে। পানাগড় স্টেশন সংলগ্ন পুকুরে ছটব্রতীরা আসেন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সেখানে পরিদর্শন হয়েছে। পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।  ছটের জন্য মানকরে চাহিদা বাঁশের ডালার।