বামনগোলা: জমানা বদলালেও নদী থেকে বালি পাচার অব্যাহত
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, হবিবপুর: জমানা বদলালেও নদী থেকে বালি পাচারের ট্র্যাডিশন চলছেই। মালদহের বামনগোলা ব্লকের হাঁড়িয়া নদী থেকে দিনে-দুপুরে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরব হয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, তৃণমূল আমলে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও বামনগোলার চাঁদপুর পঞ্চায়েতের বটতলি গ্রামে নদী থেকে বালি পাচার বন্ধ হয়নি। এর পর রাজ্যে পালাবদল হলেও ওই এলাকা থেকে বালি পাচার এখনও সমানতালে চলছে। বালি পাচার বন্ধে ফের তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে শনিবার জানিয়েছেন ব্লক কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত সরকার। 

Advertisement

বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদিকা বীণা সরকার কীর্তনিয়ার অবশ্য বক্তব্য, বিষয়টি প্রশাসনকে জানানো হবে। সত্যিই যদি নদী থেকে বালি পাচারের ঘটনা ঘটে থাকে, প্রশাসন ব্যবস্থা নেবে। বিডিও মনোজিৎ রায়ের বক্তব্য, বিষয়টি জানা নেই। কেউ এনিয়ে আমার কাছে অভিযোগও করেননি। যদিও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক গৌর সোরেন বলেন, এদিনই বিষয়টি জানতে পেরেছি। আমরা অভিযান চালাব। নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছে, সেই পঞ্চায়েতের প্রধান বিজেপির। সবটা জেনেও না জানার ভান করে রয়েছেন তিনি। যদিও চাঁদপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকারের দাবি, বিষয়টি জানামাত্রই গত শুক্রবার বামনগোলা থানাকে খতিয়ে দেখতে বলেছি। আমি নিজেও নদীঘাটে গিয়ে দেখব। বেআইনিভাবে নদী থেকে বালি তোলা হলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। 
এলাকার মানুষজনের বক্তব্য, বামনগোলায় হাঁড়িয়া নদী থেকে বালি পাচারের ঘটনা নতুন নয়। আগের সরকারের আমলে প্রশাসন ঘুমিয়ে ছিল। এখনও সব জেনেও না জানার ভান করে রয়েছে। অথচ দিনে-রাতে নদী থেকে বালি তুলে ট্রাকে ভরে তা নিয়ে চলে যাওয়া হচ্ছে।