Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে ফের অভিযানে নামবে বালুরঘাট পুরসভা

বালুরঘাট পুরসভা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে নতুন অভিযানে নামছে। শহরের পরিবেশ রক্ষায় প্রশাসনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে ফের অভিযানে নামবে বালুরঘাট পুরসভা
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: নতুন সরকার ক্ষমতায় এসে রাজ্যকে আরও স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।  বালুরঘাটকেও পরিচ্ছন্ন ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শহরের নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন বাজারে দ্রুত অভিযানে নামছে পুর কর্তৃপক্ষ। 

Advertisement

পরিবেশকর্মীরা পরিবেশ রক্ষার বার্তাকে কেবলমাত্র নির্দিষ্ট কোনো বিশেষ দিনে  সীমাবদ্ধ না  রেখে বছরভর সচেতনতা প্রচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সচেতনতার পাশাপাশি নিয়মিত নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। পরিবেশকর্মী তুহিনশুভ্র মণ্ডল বলেন, অভিযান ও সচেতনতা প্রচারে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার সাময়িক বন্ধ হলেও শহরে ফের যথেচ্ছহারে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে সম্প্রতি আমরা পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছি। 
নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে অতীতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা যে পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি খোদ পুর কর্তৃপক্ষও সেকথা স্বীকার করেছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে শহরের বাজারগুলিতে শীঘ্রই বিশেষ অভিযান শুরু করব।
শহরের পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ব্যবসায়ী মহলও পুরসভার উদ্যোগ নেওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের একাংশও মনে করছেন, বিকল্প পরিবেশবান্ধব পণ্যের সহজলভ্যতা বাড়ানো গেলে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার কমবে। বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা  বলেন , আমরা প্রশাসনকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।

Advertisement
সম্পর্কিত সংবাদ