সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগী ও তাঁর পরিজনের সমস্যা শুনতে শুরু হল ‘মুখোমুখি সুপার’। স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা অভিযোগ প্রায়ই উঠে আসে বালুরঘাট জেলা হাসপাতালে। সেই সমস্যা সমাধানে বৃহস্পতিবার থেকে এই অনুষ্ঠান শুরু হল।
প্রথম দিনে এক রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। ওই পরিবার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলে। ‘মুখোমুখি সুপার’ অনুষ্ঠানে এদিন রোগীর পরিবারের মুখ থেকে সমস্ত অভিযোগ শোনা হয়। অভিযোগ শোনার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সুপার। সুপার বলেন,হাসপাতালে অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। অভিযোগও থাকে। সব অভিযোগই গুরুত্ব সহকারে দেখা হয়। তবে আমরা ঠিক করেছি, মাসে একদিন সবাইকে নিয়ে বসব। মুখোমুখি কথা বলে, সেখানেই সমস্যার সমাধান করব। হাসপাতালে পরিষেবা আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম দিন বৃহস্পতিবার এক রোগীর পরিবারের সঙ্গে মুখোমুখি কথা হয়েছে।
অভিযোগকারী অনিতা হেমরম বলেন, আমার এক আত্মীয় ভর্তি ছিল। আমাদের সঙ্গে চিকিৎসক ও নার্সরা দুর্ব্যবহার করেছিলেন। সেবিষয়ে অভিযোগ জানিয়েছিলাম। আজ আমাকে ডেকে সবটা শোনা হয়। এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সুপার ও অন্য আধিকারিকরা।
হাসপাতাল সূত্রে খবর, বালুরঘাট জেলা হাসপাতালে প্রথম এই কর্মসূচি চালু হচ্ছে। আগামী মাস থেকে ২১ তারিখে এই কর্মসূচি হতে চলেছে। শুধু রোগীর পরিবার-পরিজনদের সমস্যাই নয়, হাসপাতালের কর্মীদেরও নানা দাবি-দাওয়া থাকে। সেই সমস্যাগুলি নিয়েও সুপার সরাসরি কথা বলবেন।