গোপাল সূত্রধর, বালুরঘাট: বালুরঘাট থেকে বিমান ওড়ার স্বপ্ন দীর্ঘদিনের। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল বালুরঘাট বিমানবন্দর। সোমবার নবান্নে বালুরঘাট বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সিভিল এভিয়েশন দপ্তরের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে খুব শীঘ্রই বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী প্রশাসন। এই খবরে জেলা জুড়ে খুশির হাওয়া। খুশি ব্যবসায়ী মহল। কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন জেলার সাধারণ বাসিন্দারা।
সোমবার সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাট থেকে বিমান চলাচল জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করে দ্রুত বিমানবন্দর চালুর দাবি জানিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। সম্প্রতি মুখ্যমন্ত্রী বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করে গিয়েছেন। আজ রাজ্য সরকার ও সিভিল এভিয়েশন দপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বিমানবন্দর চালুর প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল।
বালুরঘাটের ব্যবসায়ী সার্বিক চক্রবর্তী বলেন, বালুরঘাট থেকে বিমান ধরার জন্য প্রায় আট ঘণ্টার পথ অতিক্রম করে বাগডোগরা আসতে হয়। সেক্ষেত্রে অনেকটা সময় চলে যায়। এবার বালুরঘাট থেকে সরাসরি দেশের অন্যান্য প্রান্তে যেতে পারব। এই বিমান পরিষেবা চালু হলে ব্যবসার যেমন উন্নতি হবে তেমন জেলার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
বালুরঘাটের শিক্ষক শুভাশিষ সাহা বলেন, অসুস্থ হয়ে বালুরঘাট থেকে কলকাতা বা বেঙ্গালুরু যেতে আমাদের অনেক হয়রানির মধ্যে পড়তে হয়। বিমান চালু হলে সকলেই উপকৃত হবেন।
সূত্র মারফৎ জানা গিয়েছে, বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে বর্তমানে ১,৩৫০ মিটার লম্বা। ওই বিমানবন্দরে আপাতত ১৯ আসনের বিমান ওঠানামার মতো পরিস্থিতি রয়েছে। সম্প্রতি ২ সেপ্টেম্বর বালুরঘাটে মুখ্যমন্ত্রী এসে রানওয়ে সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী বিমানবন্দরের জন্য আরও প্রায় ১৫০ একর জমি বাড়ানোর কাজ শুরু করেছে প্রশাসন। • নিজস্ব চিত্র।