Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিদের বিরুদ্ধে লড়েছেন, অবসর নিয়ে গ্রামে ফিরতেই রিয়াজকে নিয়ে উচ্ছ্বাস বলরামপুরের

জঙ্গিদের বিরুদ্ধে লড়েছেন, অবসর নিয়ে গ্রামে ফিরতেই রিয়াজকে নিয়ে উচ্ছ্বাস বলরামপুরের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দীর্ঘ ২৪ বছর ধরে জীবন বাজি রেখে দেশের সেবা করে গিয়েছেন। কখনও জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে দাঁড়িয়ে, আবার কখন সিয়াচেনে। সংসদ ভবনে হামলার সময়েও জঙ্গিদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন বলরামপুরের রিয়াজ আনসারী। অবসর নেওয়ার পর বুধবার বাড়ি ফিরতেই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন বলরামপুরের বাসিন্দারা। 

Advertisement

এদিন বারভূম স্টেশনে ট্রেন থেকে নামতেই রিয়াজ সাহেবকে ফুলের মালা পরিয়ে গ্রামবাসীরা বরণ করে নেন। তারপর স্থানীয় ক্লাবের আয়োজনে সুসজ্জিত গাড়িতে করে বলরামপুর বাজার পরিক্রমা করানো হয়। অনেকেই তাঁর গাড়ির কাছে এসে হাত মেলান। 
জানা গিয়েছে, ২০০১ সালে ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন রিয়াজ সাহেব। ওই বছরেরই ডিসেম্বরে দিল্লির সংসদ ভবনে হামলা করে জঙ্গিরা। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছিলেন তিনি। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত নাসিকের আর্টিলারি রেজিমেন্টে ছিলেন। তারপর বিভিন্ন সময়ে কখনও জম্মু ও কাশ্মীর, কখনও সিয়াচেনের প্রবল ঠান্ডায়, কখনও আবার রাজস্থানের মারুদেশে কাটিয়েছেন। 
কর্মজীবনে দু’বার কমান্ডো বাহিনীতেও ছিলেন বলরামপুরের বীর যোদ্ধা। বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ অপারেশনে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফে তাঁকে একাধিক মেডেলে সম্মানিত করা হয়েছে। বুধবার বাড়ি ফিরে খুবই খুশি রিয়াজ সাহেব।‌ তিনি বলেন, আগামী দিনে যাঁরা দেশ সেবায় নিয়োজিত থাকতে চান, তাঁদের প্রশিক্ষণ দিতে চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ