আমেরিকা- ৪ : প্যারাগুয়ে- ১
আমেরিকা- ৪ : প্যারাগুয়ে- ১
ক্যালিফোর্নিয়া: তাঁর কাছে সুযোগ ছিল ইংল্যান্ড কিংবা নাইজেরিয়ার জার্সি গায়ে চাপানোর। তবে জন্মভিটের প্রতি ভালোবাসার টানে চলতি বিশ্বকাপে আমেরিকার হয়েই খেলার সিদ্ধান্ত নেন ফোলারিন বালোগান। আর দেশের জার্সিতে বিশ্বকাপের অভিষেকেই জোড়া গোলে নজির গড়লেন ২৪ বছর বয়সি এই তরুণ স্ট্রাইকার। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের অভিযান শুরু করল মরিসিও পোচেত্তিনোর ছেলেরা। আমেরিকার অপর গোলদাতা জিওভানি রেনা। এছাড়া একটি গোল আত্মঘাতী। প্যারাগুয়ের একমাত্র গোলটি মৌরিসিওর।
আমেরিকায় জন্ম হলেও ফোলারিনের বাবা-মা দু’জনেই নাইজেরিয়ান। মাত্র ৮ বছর বয়সেই লন্ডনে পাড়ি দেন তাঁরা। সেখানে আর্সেনাল অ্যাকাডেমিতে ভরতি হন ফোলারিন। এরপর বয়সভিত্তিক ফুটবলে ইংল্যান্ডের হয়েই প্রতিনিধিত্ব করেন তিনি। তবে তারকাখচিত ব্রিটিশ দলে সুযোগ পাওয়া সহজ ছিল না। আর নাইজেরিয়া বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে ব্যর্থ। তাই আমেরিকার হয়ে টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তিন বছর আগে জাতীয় দলে যোগ দেন তিনি। আর ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে চর্চায় উঠে আসেন ফোলারিন।