সংবাদদাতা, খড়্গপুর: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। বন্ধ হয়ে পড়ে থাকা বালিচক রেলস্টেশনের উত্তর দিকের টিকিট কাউন্টার অবশেষে চালু হল। শুক্রবার সকাল থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় ওই কাউন্টার। দীর্ঘ ১৫ বছরের দাবি ও আন্দোলনের পর রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ডেবরাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন স্টেশনের উত্তরদিকের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে আসা যাত্রীদের ফুট ওভারব্রিজ পেরিয়ে দক্ষিণ দিকের কাউন্টারে টিকিট কাটতে যেতে হত। ফলে টিকিট কেটে ফের উত্তর দিকের প্ল্যাটফর্মে ফিরতে হয়রানির শিকার হতে হত যাত্রীদের। অনেক যাত্রী সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়েও টিকিট কাটতে যেতেন। শুক্রবার ডেবরার বাসিন্দা প্রেমানন্দ দাস ও মালতী জানা বলেন, স্টেশনে আসা যাত্রীদের প্রায় ৪০ শতাংশই উত্তরদিক থেকে ট্রেন ধরেন। অথচ তাঁদের টিকিট কাটতে যেতে হত দক্ষিণ দিকে। গত ১৫ বছর ধরে এই ভোগান্তি চলছিল। কাউন্টার চালু হওয়ায় সমস্যার সমাধান হল। উত্তর দিকের টিকিট কাউন্টার চালুর দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। সম্প্রতি ডেবরার বিধায়ক শুভাশিস ওমও বিষয়টি নিয়ে উদ্যোগী হন। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়। সম্প্রতি কাউন্টারটি সংস্কারের কাজও সম্পন্ন করে রেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত শুক্রবার থেকে তা পুনরায় চালু করা হল। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে কাউন্টার চালুর দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম। বিধায়ক শুভাশিস ওম বলেন, বালিচক উড়ালপুলের সংযোগের পাশাপাশি একটি সাবওয়ে নির্মাণ ও বন্ধ থাকা টিকিট কাউন্টার চালুর দাবিতে রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি। গত সপ্তাহে খড়্গপুরের ডিআরএম ললিতমোহন পান্ডে বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছিলেন।



