সংবাদদাতা, রামপুরহাট: বেআইনি পাথর খাদান বন্ধ, ধুলো দূষণ রোধ, আবাসের বাড়ি সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিকেলে রামপুরহাট মহকুমাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল আদিবাসীদের বীরভূম জমি, জীবন, জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা। এদিন কয়েকশো আদিবাসী তীর ধনুক, লাঠি হাতে মিছিল করে মহকুমাশাসকের অফিসের সামনে এসে জড়ো হয়। পরে তাঁরা মহকুমাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। সংগঠনের সভাপতি ভীম বাসকি বলেন, জেলাজুড়ে আদিবাসী এলাকাগুলিতে বহু অবৈধভাবে পাথর খাদান চলছে। সেখানে ব্যাপকহারে পরিবেশ দূষণ হচ্ছে। রাস্তায় জল ছিটানোর ব্যবস্থাটুকুও করা হচ্ছে না। এছাড়া বহু আদিবাসী পরিবার দুঃস্থ হওয়া সত্বেও আবাস যোজনা থেকে বঞ্চিত। পাট্টা পাওয়া জায়গায় বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। পুলিস প্রশাসনকে জানানো সত্বেও ব্যবস্থা নেওয়া দূর, তদন্তও করা হচ্ছে না। জাতি শংসাপত্র পাওয়ার ক্ষেত্রেও প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হচ্ছে আমাদের। এরই প্রতিবাদে আমাদের আন্দোলন। এদিন এসডিওকে ডেপুটেশন দিলাম। এরপর ডিএম অফিস ঘেরাও করব। প্রয়োজনে রাজ্যের মুখ্যসচিবের কাছেও যাব আমরা।



