সংবাদদাতা, জঙ্গিপুর: এবার বেআইনি অস্ত্র কারবারে নাম জড়াল শাসক দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের। অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে মালদহের ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে ফরাক্কা রেলপুলিস। ধৃতের নাম আব্দুল রশিদ। তার বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রামে। তিনি পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে সে জাতীয় কংগ্রেসের টিকিটে জয়ী হয়। কিন্তু বছর খানেক আগেই দল বদলে শাসক দলে যোগ দেয় বলে তার দাবি। দিন কয়েক আগেই নিউ ফরাক্কা স্টেশনে আগ্নেয়াস্ত্র সহ মালদহের এক যুবককে গ্রেপ্তার করে রেল পুলিস। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই ওই পঞ্চায়েত সদস্যের নাম জানতে পারে পুলিস। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার বলেন, সম্প্রতি কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুতর অভিযোগে জেলে সাজা খেটেছে। ওরা এলাকায় নানান অসামাজিক কাজে জড়িত। অভিযুক্ত কাগজেকলমে তৃণমূলে যোগ দেয়নি, কোনও পতাকাও ধরেনি। তৃণমূলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। জানা গিয়েছে, প্রায় সপ্তাহ দু’য়েক আগে নিউ ফরাক্কা রেলস্টেশন সংলগ্ন সাবওয়ে থেকে বৈষ্ণবনগরের তৌসিফ আলিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিস। তার হেফাজত থেকে দু’টি দেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিস। জেরায় তৌসিফ পুলিসকে জানায়, অস্ত্রগুলো গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল রশিদের কথা মতো বিহারে নিয়ে যাচ্ছিল।
Advertisement
এরপর ফরাক্কা রেল পুলিসের একটি টিম মালদহে গিয়ে রশিদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জঙ্গিপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিসের গাড়িতে বসে আব্দুল রশিদ বলেন, অস্ত্র মজুতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমি কংগ্রেস থেকে এক বছর আগে তৃণমূলে যোগ দিয়েছি। এপ্রসঙ্গে ফরাক্কা রেল পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবককে জিজ্ঞাবাদ করে আব্দুল রশিদের নাম পাওয়া যায়। তারই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।



