Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেআইনি নির্মাণ বন্ধ করতে বলায় ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি

বেআইনি নির্মাণ বন্ধ করতে বলায় ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: এগরা পুর এলাকায় সরকারি নিয়ম বহির্ভূত অবৈধ বাড়ি নির্মাণে বাধা দিতে গেলে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি  দেওয়ার অভিযোগ উঠল। ইঞ্জিনিয়ারের অভিযোগের তির পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের দিকে। পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়কের চেম্বারে তাঁর সামনেই ওই ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ নিয়ে এগরার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন   ইঞ্জিনিয়ার স্বপনকুমার গায়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১ নম্বর ওয়ার্ডের কসবা-এগরা এলাকার বাসিন্দা মুনমুন মিশ্র ত্রিপাঠী বাড়ি তৈরির অনুমতি নিতে অনলাইনে আবেদন জানান। অনুমোদনও পান। তবে নিয়ম বহির্ভূতভাবে বাড়ি তৈরি হচ্ছে, এমনই অভিযোগ পান পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিল্ডিং) স্বপনবাবু। তিনি সেখানে গিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন। যদিও বাড়ির মালিক তাতে কর্ণপাত করেননি বলে ইঞ্জিনিয়ারের অভিযোগ। সেখান থেকে ফিরে এসে তিনি পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানান। পুরসভার পক্ষ থেকে বাড়ির মালিককে চেয়ারম্যানের চেম্বারে ডেকে পাঠানো হয়। গত ১৩ ডিসেম্বর সেখানে একটি বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ওই ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সুরজ আলি। 
Advertisement
ওই ইঞ্জিনিয়ার বলেন, বৈঠকে আমি অভিযোগ করি, নিয়ম বহির্ভূতভাবে, কোনও বিল্ডিং প্ল্যান ছাড়াই, চারদিকে জায়গা না ছেড়ে বাড়ি তৈরি হচ্ছিল। এই অভিযোগ করায় কাউন্সিলার আমাকে রীতিমতো হুমকি দিয়ে বলেন, অন্যায়ভাবেই কাজ হবে। ক্ষমতা থাকলে কাজ বন্ধ করে দেখান। কাজের সাইটে গেলে আপনাকে দেখে নেওয়া হবে। চেয়ারম্যানের সামনেই ঘটনাটি ঘটে। তাছাড়া কাউন্সিলারের সহযোগিতাতেই প্ল্যান ছাড়াই কাজ হচ্ছে। চেয়ারম্যানকে জানিয়ে কোনও লাভ না হওয়ায় মহকুমা শাসকের কাছে অভিযোগ করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। দলের এগরা নগর মণ্ডলের সভাপতি চন্দন মাইতি কটাক্ষ করে বলেন, বাড়ির মালিকের সঙ্গে কাটমানি নিয়ে বোঝাপড়া রয়েছে কাউন্সিলারের। তাই এমন ঘটনা ঘটেছে। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। মহকুমা শাসক মনজিৎ যাদব বলেন, অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ