Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেআইনি মাটি পাচার, ফুলিয়ায় গ্রেপ্তার ৭ ট্রাক্টর চালক, চাঞ্চল্য

বেআইনি মাটি পাচার, ফুলিয়ায় গ্রেপ্তার ৭ ট্রাক্টর চালক, চাঞ্চল্য
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: অবৈধ মাটির কারবারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শান্তিপুর। বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় সরবরাহের ব্যবসা চলছে রমরমিয়ে। যদিও দিনের পর দিন চলা বেআইনি এই কারবার ঠেকাতে পুলিস প্রশাসনের নড়াচড়া লক্ষ্য করা যায়নি এতদিন। তবে সম্প্রতি কিছুটা সক্রিয় হতে দেখা গেল শান্তিপুর থানাকে। তাদের অভিযানে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন মাটির গাড়ির চালক। তবে স্থানীয় মানুষের প্রশ্ন, যারা এদের দিয়ে বেআইনি কাজ করাত, তাদের কি আদৌ জালে পুরতে পারবে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের হরিপুর থেকে ফুলিয়ার উদয়পুর— বেআইনিভাবে মাটি কেটে ইটভাটায় পাচার আজকাল লাভজনক ব্যবসা। শনিবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং শান্তিপুর থানার পুলিস যৌথ ভাবে হানা দেয় ফুলিয়ার উদয়পুরে। সেখানে দিনের পর দিন ধরে একটি জমি থেকে বেআইনি ভাবে মাটি কেটে ইটভাটায় পাচার হচ্ছিল। মাটি কাটার মেশিন, একাধিক ট্রাক্টর আটক করে যৌথ দলটি। এছাড়াও শনিবার ৬ জন ট্রাক্টর চালক এবং রবিবার একজন ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতদের নাম, মিঠুন মণ্ডল, প্রেমচাঁদ রাজওয়ার, তপন সরদার, বাপি মণ্ডল, মন্টু দুর্লভ, মানিক রায় ও সন্তু বিশ্বাস। প্রত্যেকেই নদীয়ার বাসিন্দা। গ্রেপ্তার হওয়ার পর ধৃতরা জানায়, কৃষ্ণ নামে এক ব্যক্তি তাদের এই কাজে লাগিয়েছিল। বেআইনিভাবে মাটি কেটে নিয়ে গিয়ে ইটভাটায় সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। সেই নির্দেশ মতোই তারা কাজ করতো দিনের পর দিন। এদিকে স্থানীয়দের দাবি, শুধুমাত্র ফুলিয়া নয়, শান্তিপুরের বিভিন্ন জায়গায় চলছে এই কারবার। শুধুমাত্র সরকারি জমি নয়, গঙ্গার বিভিন্ন চর থেকেও মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ