Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেআইনি গর্ভপাতের কারবার চলত বুদবুদের নার্সিংহোমে

বেআইনি গর্ভপাতের কারবার চলত বুদবুদের নার্সিংহোমে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
 সংবাদদাতা, কাটোয়া: দিনের পর দিন অবলীলায় বেআইনিভাবে গর্ভপাত করানো হতো বুদবুদের নার্সিংহোমে। গর্ভপাত করাতে গিয়ে আউশগ্রামের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় নার্সিংহোমের চিকিৎসককে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিস। ওই কিশোরীর মৃত্যুর দু’মাসের মধ্যেই শনিবার বর্ধমান পকসো আদালতে আউশগ্রাম থানার পুলিস চার্জশিট জমা দিয়েছে। ওই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।
Advertisement
পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানার ১৫বছরের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল তার জ্যেঠতুতো জামাইবাবু। ওই ব্যক্তি ঘরজামাই হিসেবে থাকত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর পেটে যন্ত্রণা শুরু হয়। এবছর ১ জানুয়ারি সকালে বুদবুদে ওই নার্সিংহোমের চিকিৎসক তাপস পালের কাছে কিশোরীকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওইদিনই কিশোরীর বাবার অজ্ঞতার সুযোগ নিয়ে কাগজপত্রে টিপসই নিয়ে কিশোরীর গর্ভপাত করানো হয়। ওইদিন সন্ধ্যাতেই নার্সিংহোম থেকে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রাতের দিকে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। ২ জানুয়ারি সকালে বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এরপরই কিশোরীর বাবা আউশগ্রাম থানায় মেয়েটির জামাইবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগপত্রে এটাও উল্লেখ ছিল যে, বুদবুদের নার্সিংহোমে ডাঃ তাপস পালের কাছে কিশোরীর গর্ভপাত করানো হয়েছিল। আউশগ্রাম থানার পুলিস তদন্তে নেমে প্রথমে ওই জামাইকে গ্রেপ্তার করে। এরপর শুক্রবার বুদবুদের ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
পুলিস জানিয়েছে, ধৃত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানা গিয়েছে। ওই চিকিৎসক জানিয়েছে, বুদবুদের নার্সিংহোমটিতে ‘মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি’ আইন না মেনেই গর্ভপাত চলত। বহু মহিলাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয়েছে। এমনকী, ঝুঁকি থাকা সত্ত্বেও গর্ভপাত করানোর কয়েকঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। তার জেরেই প্রাণ গেল আউশগ্রামের বছর পনেরোর ওই নাবালিকার।
আউশগ্রাম থানার পুলিস মেডিক্যাল বোর্ড বসিয়ে কিশোরীমৃত্যুর তদন্ত করেছে। সেখানে স্বাস্থ্যদপ্তর পরিষ্কার লিখে দিয়েছে, বুদবুদের ওই নার্সিংহোমে নিয়ম না মেনেই গর্ভপাত করানো হতো। দু’মাসের মধ্যেই পকসো মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করেছেন তদন্তকারী আধিকারিক।স্থানীয় বাসিন্দারা জানান, স্বাস্থ্যদপ্তরের অবিলম্বে ওই নার্সিংহোম পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। আউশগ্রামের কিশোরীর মৃত্যুর ঘটনায় পুরো তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি উঠেছে।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ