Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতা থেকে ধৃত মার্কিন ভাড়াটে সেনার জামিন মঞ্জুর

এনআইএ-র তদন্তাধীন সন্ত্রাস ও ষড়যন্ত্র মামলায় শুক্রবার মার্কিন ভাড়াটে সেনা ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইককে ‘ডিফল্ট’ জামিন দিল দিল্লির একটি আদালত।

কলকাতা থেকে ধৃত মার্কিন ভাড়াটে সেনার জামিন মঞ্জুর
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এনআইএ-র তদন্তাধীন সন্ত্রাস ও ষড়যন্ত্র মামলায় শুক্রবার মার্কিন ভাড়াটে সেনা ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইককে ‘ডিফল্ট’ জামিন দিল দিল্লির একটি আদালত। কোনো সুনির্দিষ্ট মামলায় তদন্তকারী সংস্থা আইন নির্ধারিত সময়সীমার মধ্যে চার্জশিট পেশ করতে না পারলে অভিযুক্ত ‘ডিফল্ট’ জামিনের যোগ্য বলে বিবেচিত হন। গত ১৩ মার্চ এই মার্কিন নাগরিককে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল এনআইএ। পরে দিল্লি ও লখনউ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল ডাইকের ছয় ইউক্রেনীয় সঙ্গীকে। 

Advertisement

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ এনআইএ বিচারক প্রশান্ত শর্মা ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সম অর্থমূল্যের সিওরিটিতে ডাইকের জামিন মঞ্জুর করেছেন। তবে তিনি দিল্লি ছাড়তে পারবেন না। আদালত বলেছে, আবেদন করলে ছয় ইউক্রেনীয় নাগরিকও জামিন পাওয়ার অধিকার রাখেন। 
চলতি মাসের গোড়ার দিকে ডাইক ও ছয় ইউক্রেনীয়র  বিরুদ্ধে ভারতে বেআইনি প্রবেশ ও গতিবিধির অভিযোগে চার্জশিট পেশ করেছিল এনআইএ। যদিও সেই চার্জশিটে সন্ত্রাস-ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে ইউএপিএ-র প্রয়োগ করা হয়নি। চার্জশিটে সাতজনের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইনের ২১ (বৈধ পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য শাস্তির বিধান) এবং ২৩ ধারার অধীনে অপরাধের অভিযোগ আনা হয়। বলা হয়েছে, ইউএপিএ-র অধীনে সংঘটিত অপরাধ সম্পর্কে প্রকৃত ও সম্পূর্ণ তথ্য নিশ্চিত এবং যাচাইয়ের জন্য আরও সময় প্রয়োজন। এসংক্রান্ত আরও তথ্য-প্রমাণ হাতে এলে এনআইএ পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে বলে খবর। ভারতের জাতীয় নিরাপত্তার পরিপন্থী মায়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলিকে অস্ত্র, সন্ত্রাসবাদী সফটওয়্যার সরবরাহ ও ড্রোন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীদের অভিযোগ, ইউরোপ থেকে প্রচুর ড্রোন ভারতে এনে সেগুলি মায়ানমারের জঙ্গি গোষ্ঠীগুলিকে পৌঁছে দিতে সেদেশেও গিয়েছিল ধৃত বিদেশিরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ