নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভুয়ো শিক্ষক নিয়োগ মামলায় ধৃত দু’জনের জামিনের আর্জি খারিজ করে দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত। তমলুক ব্লকের খামারচক হাই স্কুলে জোড়া ভুয়ো শিক্ষক নিয়োগের অভিযোগে সিআইডি তদন্ত করছে। ওই মামলায় গত ১০মার্চ গ্রেপ্তার হন অয়নকুমার দাস। তিনি এসএসসি পরীক্ষা ছাড়াই ২০১৯ সাল থেকে রেগুলার শিক্ষক হিসেবে মাইনে পেতেন। এরপর গত ১৭মার্চ গ্রেপ্তার হন ওই স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়া। সিআইডি চার্জশিট দেওয়ার জন্য তোড়জোড় করায় ধৃত দু’জন জামিনের জন্য জেলা ও দায়রা বিচারকের এজলাসে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার সেই আবেদন নিয়ে শুনানি হয়। সিআইডির পক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। জেলা ও দায়রা বিচারক দু’জনের জামিনের আবেদন খারিজ করে দেন। ওই মামলায় জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) অফিসের দুই কর্মী সুব্রত তুঙ্গ এবং পুলকেশ মাইতিও এখন জেলবন্দি রয়েছেন। বৃহস্পতিবারই ওই মামলায় পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। ওই মামলায় ৪৬ পাতার চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার নলিনী সামন্ত।



