Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে গাড়ি উল্টে মৃত কিশোর সাঁকরাইলে যুবককে পিষে দিল লরি

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় হাওড়ার বাগনান ও সাঁকরাইলে মৃত্যু হল দু’জনের

বাগনানে গাড়ি উল্টে মৃত কিশোর সাঁকরাইলে যুবককে পিষে দিল লরি
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’টি পৃথক পথ দুর্ঘটনায় হাওড়ার বাগনান ও সাঁকরাইলে মৃত্যু হল দু’জনের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার মানকুর মোড়ে। বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় সেটি উল্টে  মৃত্যু হয় কিশোরের। নাম রূপঙ্কর মান্না (১৭)। বাড়ি বাগনান থানার খালোড় গ্রামে। বাগনান থানার পুলিস দেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস গাড়িটি আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বৃষ্টির সময় রূপঙ্কর এবং তার এক বন্ধু একটি চারচাকা গাড়িতে কোলাঘাট অভিমুখে যাচ্ছিল। রূপঙ্করের বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে গাড়ি নিয়ে মানকুর মোড়ে উড়ালপুলে ওঠার মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে দু’জনেই আহত হয়। বাগনান গ্রামীণ হাসপাতালে রূপঙ্করকে মৃত ঘোষণা করা হয়। 

Advertisement

অন্যদিকে, রবিবার রাতে সাঁকরাইলের ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম অশোক খাঁড়া (৪৭)। তিনি বালির বাসিন্দা । জালান কমপ্লেক্সের কাছে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুলিস জানিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে বাড়ি ফেরার জন্য বাস ধরবেন বলে জাতীয় সড়ক পার করছিলেন তিনি। কোলাঘাটগামী লেনে একটি লরি তাঁকে ধাক্কা দেয়। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। চালক সহ লরিটি আটক করেছে সিটি ট্রাফিক পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ