Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা: ২৪ ঘণ্টায় চারটি মৃতদেহ উদ্ধার

গত ২৪ ঘণ্টায় বাগডোগরায় রাস্তার ধার ও নদী থেকে উদ্ধার হয়েছে চারটি মৃতদেহ। বাগডোগরা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট চারটি মৃতদেহ উদ্ধার হয়।

বাগডোগরা: ২৪ ঘণ্টায় চারটি মৃতদেহ উদ্ধার
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: গত ২৪ ঘণ্টায় বাগডোগরায় রাস্তার ধার ও নদী থেকে উদ্ধার হয়েছে চারটি মৃতদেহ। বাগডোগরা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট চারটি মৃতদেহ উদ্ধার হয়। যার মধ্যে দু’টি মহিলা ও দুই পুরুষের মৃতদেহ রয়েছে। টানা বৃষ্টির পর অসহ্য গরমের ফলে মৃত্যু হতে পারে বলে অনুমান স্থানীয়দের। চারটি মৃতদেহের মধ্যে তিনটি অজ্ঞাতপরিচয়। শনিবার রাতে বাগডোগরা সূর্যনগর কলোনি সংলগ্ন এলাকায় এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। রাত পেরতেই সাতসকালে লোয়ার বাগডোগরা মসজিদ পাড়া এলাকার হুলিয়া নদীর ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম, পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৪০ বলে অনুমান। এই ঘটনার কিছুক্ষণ পরেই বাগডোগরা গঙ্গারাম চা বাগান সংলগ্ন নদীর ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম মাতলা হাঁসদা (৫০)। তিনি গঙ্গারাম চা বাগানের বাসিন্দা। মৃগীতে আক্রান্ত হয়ে জলে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিসের অনুমান। এই ঘটনার পর দুপুরে ফের বাগডোগরা গোঁসাইপুর এশিয়ান হাইওয়ের ডিভাইডারের নালায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। গঙ্গারাম এলাকা ছাড়া বাকি মৃতদেহগুলি ভবঘুরের হতে পারে বলে স্থানীয়রা জানান। এবিষয়ে মসজিদ পাড়ার বাসিন্দা আরিফ খান বলেন, মৃত ব্যক্তি শনিবার সকালে গরম সহ্য করতে না পেরে এলাকার একটি টিউবয়েল থেকে জল নিয়ে সারা শরীরে ঢালতে শুরু করেন। এরপর দোকানে চা খেয়ে নদীর দিকে চলে যান। কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পেয়ে পুলিসকে খবর দেওয়া হয়। অপরদিকে গোঁসাইপুরের ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্রজকান্ত বর্মন বলেন, ভবঘুরে ওই মহিলাকে সকালে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম। তিনি অসুস্থ বলে বোঝা যাচ্ছিল। দুপুরে ওই মহিলার মৃত্যুর খবর পাই। 

Advertisement

বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস বলেন, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ