নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাস থেকে নামার সময়ে বদল হয়ে গিয়েছিল টাকাভর্তি ব্যাগ। কিছুক্ষণ পরে তা নজরে আসতেই সটান থানায় হাজির হন ব্যবসায়ী। পরে, পুলিসের তৎপরতায় ৩ লক্ষ নয় হাজার টাকা সহ ব্যাগটি ফিরে পেলেন নদীয়ার বাসিন্দা এরশাদ আলি মোল্লা। অভিযোগ জানানোর মাত্র আধ ঘণ্টার মধ্যেই টাকা ফেরত পেয়ে আমডাঙা থানার পুলিসের বিপুল প্রশংসা করেছেন ওই ব্যবসায়ী।
রবিবার সকালে দিকে নদীয়ার চাপড়ার ব্যবসায়ী এরশাদ আলি মোল্লা দূরপাল্লার বাসে করে ব্যবসার কাজে কলকাতায় যাচ্ছিলেন। তাঁর ব্যাগে ছিল তিন লক্ষ নয় হাজার টাকা। টাকার সেই ব্যাগটি রেখেছিলেন নিজের সিটের উপর বাসের বাঙ্কারে। তাঁর ব্যাগের পাশে প্রায় একই রকমের অন্য একটি ব্যাগ ছিল আরেক যাত্রীর। তিনিই ওই ব্যবসায়ীর ব্যাগটি নিয়ে নেমে পড়েন। আমডাঙার আওয়ালসিদ্ধি মোড়ে আসতেই এরশাদের নজরে আসে, তাঁর টাকার ব্যাগ নেই। প্রথমে বাসের বিভিন্ন জায়গায় তল্লাশি করেন। কিন্তু, কোথাও ব্যাগ না পেয়ে আমডাঙা থানার দ্বারস্থ হন।
বিষয়টি জানার পরেই ব্যবসায়ীর টাকার ব্যাগ উদ্ধারে তৎপর হয় পুলিস। নিজেদের সোর্স কাজে লাগিয়ে আধ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীর টাকার ব্যাগ উদ্ধার করে তারা। এরপর টাকা সহ ব্যাগটি আমডাঙা থানার পুলিস এরশাদ আলি মোল্লার হাতে তুলে দেয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, একই রকমের ব্যাগ হওয়ার কারণেই বিপত্তি। এনিয়ে এরশাদ বলেন, ব্যবসার কাজে টাকা নিয়ে যাচ্ছিলাম। এত টাকা গায়েব হওয়ায় আমি চিন্তায় পড়ে যাই। তবে, পুলিস যেভাবে আমার পাশে দাঁড়াল, তাতে আমি কৃতজ্ঞ। নিজস্ব চিত্র