Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরের রামগঞ্জ বাজার এলাকার প্রধান রাস্তা বেহাল

ইসলামপুর: ইসলামপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামগঞ্জ বাজার এলাকার প্রধান সড়ক বেহাল। পিচের চাদর উঠে ছোট বড় অজস্র গর্ত তৈরি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তে জল জমে সমস্যা আরও তীব্র আকার নিয়েছে।

ইসলামপুরের রামগঞ্জ বাজার এলাকার প্রধান রাস্তা বেহাল
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামগঞ্জ বাজার এলাকার প্রধান সড়ক বেহাল। পিচের চাদর উঠে ছোট বড় অজস্র গর্ত তৈরি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তে জল জমে সমস্যা আরও তীব্র আকার নিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষজন প্রশাসনের উপর ব্যাপক ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, একাধিকবার রাস্তা মেরামতের দাবি জানালেও কাজ হচ্ছে না। এতে সমস্যায় পড়ছে সর্বস্তরের মানুষ। ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন বলেন, রামগঞ্জের সড়ক মেরামতি ও ড্রেনের জন্য পূর্তদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আরও একবার খোঁজ নেব।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের গুরুত্বপূর্ণ বাজারগুলির মধ্যে রামগঞ্জ অন্যতম। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ  রামগঞ্জ। রামগঞ্জ ১ ও ২, কমলাগাঁও সুজালি, গোবিন্দপুর, চুটিয়াখোর ও লক্ষ্মীপুর পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকার মানুষজন নানা প্রয়োজনে রামগঞ্জে প্রতিনিয়ত যাওয়া আসা করে। এখানেই ব্লক প্রাথমিক হাসপাতাল আছে। পাশেই ৩১নং জাতীয় সড়ক। জাতীয় সড়ক থেকে কালুগছ পর্যন্ত দেড় কিমি রাস্তা বেহাল। রায়গঞ্জ, ইসলামপুর কিংবা শিলিগুড়ি থেকে ফিরে রামগঞ্জে বাস থেকে নামার পর টোটো কিংবা অটো ধরে নিজ নিজ এলাকায় যান বাসিন্দারা। মূল সড়কের দু’ধারেই রয়েছে দোকানপাট। কার্যত সড়কের উপরই বাজার বসে যায়।  সপ্তাহে দু’দিন শনি ও মঙ্গলবার হাট বসে। ওই দু’দিন আরও বেশি মানুষের সমাগম হয়। কিন্তু রাস্তা বেহাল হওয়ায় যানবাহন খুবই ধীরগতিতে চলাচল করে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই সড়ক মেরামতের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলম বলেন, দীর্ঘদিন থেকে সড়ক বেহাল। পূর্তদপ্তর ওই সড়ক দেখভালের দায়িত্বে আছে। আমরা বহুবার দাবি জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। কিছুদিন আগে বিডিও পরিদর্শনে এসেছিলেন। কয়েকদিন বৃষ্টি হওয়ায় রাস্তা দিয়ে চলাচলের উপায় ছিল না। টোটো উল্টে যাচ্ছিল। আমি ব্যক্তিগত উদ্যোগে কিছু গর্তে বালি পাথর ফেলেছি। কিন্তু তারপরেও অনেকটা রাস্তা মেরামত করা জরুরি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ